শিলিগুড়ির দেশবন্ধুপাড়া এলাকার শ্রীশ্রী নরোত্তম গৌড়ীয় মঠে চুরির ঘটনায় দ্রুত সাফল্য পেল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের শিলিগুড়ি থানার পুলিশ। মঠের স্বামী ভক্তি নিলয় জনার্দন গোস্বামী মহারাজ দুদিন আগে শিলিগুড়ি থানায় অভিযোগ জানান, গত ২১ মে গভীর রাতে কয়েকজন অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী মঠে ঢুকে একাধিক গোপালের মূর্তি, বড় পিতলের ঘণ্টা ও অন্যান্য পিতলের সামগ্রী চুরি করে নিয়ে যায়। ঘটনাটি ঘটে রাত প্রায় ২টো নাগাদ।
সেই অভিযোগের ভিত্তিতে নির্দিষ্ট মামলা রুজু করে তদন্ত শুরু করে শিলিগুড়ি থানার পুলিশ। তদন্তে নেমে গতকাল রাতে দক্ষিণ শান্তিনগর এলাকার বাসিন্দা প্রসেনজিৎ সরকারকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে সে জানায়, চুরি হওয়া সামগ্রী সে শিলিগুড়ি ইস্টার্ন বাইপাস সংলগ্ন ঢাকেশ্বরী কালী মন্দিরের কাছে বসবাসকারী দিলীপ সরকার ও পিয়াল সরকারের কাছে রেখে এসেছে।
পরবর্তীতে শিলিগুড়ি থানার এন্টি ক্রাইম উইং এর তদন্তকারী আধিকারিকরা আশিঘর আউটপোস্টের পুলিশের সহায়তায় দিলীপ সরকারের বাড়িতে অভিযান চালিয়ে ২২টি গোপাল মূর্তি সহ অন্যান্য সামগ্রী উদ্ধার করে। তবে উদ্ধার হওয়া বেশ কিছু সামগ্রী ভাঙা অবস্থায় পাওয়া যায়। এরপর শিলিগুড়ি থানার পুলিশ দিলীপ সরকার ও পিয়াল সরকারকে গ্রেফতার করে। চুরির ঘটনায় মোট গ্রেপ্তার হওয়া তিনজনকে আজ শিলিগুড়ি আদালতে পেশ করা হবে।এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। অপরদিকে উদ্ধার হওয়া সমস্ত গোপালের মূর্তি এবং পুজোর সামগ্রী মঠ কর্তৃপক্ষের হাতে আদালতের নিয়ম অনুযায়ী তুলে দেওয়ার চেষ্টা চালাচ্ছে শিলিগুড়ি থানার পুলিশ।
