হাতের নাগালের বাইরে টমেটোর দাম

নভেম্বর মাস মানেই শীতের শুরু। আর শীতের শুরু মানেই বেশ কিছু সবজির দাম কমার কথা। কিন্তু বাতাসে সবজির দাম দেখে মাথায় হাত মধ্যবিত্তের। বিশেষ করে টমেটোর দাম কার্যত আকাশছোঁয়া। গত ১৫ দিনে প্রায় ৫০ শতাংশ দাম বেড়েছে টমেটোর। গত এক মাসের মধ্যে খুচরো টমেটোর দাম ২৫ থেকে ১০০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

টমেটো সরবরাহের দিক দিয়ে প্রথমেই রয়েছে মহারাষ্ট্র। সেখানে পাইকারি মূল্য বেড়ে দাঁড়িয়েছে ৪৫ শতাংশ। উত্তর ভারতের প্রধান টমেটো সরবরাহকারী দিল্লিতেও দাম বেড়েছে ২৬ শতাংশ। তথ্য বলছে, ১৯ অক্টোবরের থেকে ১৯ নভেম্বরের মধ্যে সারা দেশেই গড় খুচরো টমেটোর মূল্য ২৭ শতাংশ বেড়েছে। যার জেরে ৩৬ টাকা কেজি থেকে দাম বেড়ে দাঁড়িয়েছে ৪৬ টাকা কেজিতে।

অনেক জায়গাতেই বাজারে ভালো মানের টমেটোর দাম ছুঁয়েছে কেজি প্রতি প্রায় ৮০ টাকা। গত অক্টোবর মাসেও টমেটোর মূল্যস্ফীতি ছিল -৪২.৯ শতাংশ। অন্যদিকে পেঁয়াজ এবং আলুর মূল্যস্ফীতি ছিল যথাক্রমে -৫৪.৩ শতাংশ এবং -৩৬.৬ শতাংশ। উপরন্তু এই মুহূর্তে বিয়ের মরশুম চলায় এবং বছর শেষের উদযাপন সামনে থাকায় টমেটোর চাহিদা বৃদ্ধি পেয়েছে। সেই কারণে দাম আরও বাড়তে পারে বলেই মনে করছেন ব্যবসায়ীরা।