রাত পোহালেই বিশ্বকর্মা পুজো। তার আগেই প্রবল বৃষ্টিতে সমস্যায় পড়েছেন শিলিগুড়ির ব্যবসায়ী ও প্রতিমা বিক্রেতারা। পুজোর দু’দিন আগে থেকেই শহরের বাজারে জমজমাট কেনাকাটা হলেও মঙ্গলবার দুপুর গড়াতেই ঝমঝমিয়ে নামা বৃষ্টিতে কার্যত বিপাকে পড়েছে শহরের বিভিন্ন প্রান্তের দোকানদাররা।
বিশেষত বিধান মার্কেট ও আশপাশের এলাকায় প্রতিমা ব্যবসায়ীরা চিন্তায় পড়েছেন। তারা জানান, প্রতিবছর এ সময়ে প্রতিমা বিক্রিতে ভালো সাড়া মেলে। তবে এবারের বৃষ্টির কারণে প্রতিমা মজুত রাখা কঠিন হয়ে পড়েছে। রাস্তার ধারে প্রতিমা ট্রিপল দিয়ে ঢেকে রাখলেও লাগাতার বৃষ্টিতে নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
শুধু প্রতিমা বিক্রেতাই নয়, বৃষ্টির প্রভাব পড়েছে পুজোর উপকরণ, ফল-সবজি ও দশকর্মা সামগ্রীর বাজারেও। ব্যবসায়ীরা জানাচ্ছেন, যদি এমন আবহাওয়া চলতে থাকে তবে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে।
বিশ্বকর্মা পুজোর আগে এমন বৃষ্টিতে তাই উৎসবের আমেজের পাশাপাশি শঙ্কাও গ্রাস করছে শহরের ব্যবসায়ী ও মৃৎশিল্পীদের।
