হেলমেটবিহীন বাইকচালকদের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান

ট্রাফিক আইন কার্যকর করতে শিলিগুড়ির ইস্টার্ন বাইপাস সংলগ্ন এলাকায় হেলমেটবিহীন বাইক ও স্কুটি চালকদের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়েছে ট্রাফিক পুলিশ। বুধবার আশিঘর ট্রাফিক গার্ডের উদ্যোগে ঢাকেশ্বরী মোড়ে পরিচালিত অভিযানে একাধিক নিয়মভঙ্গকারী চালকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

অভিযান চলাকালীন বহু বাইকচালককে হেলমেট ছাড়া গাড়ি চালাতে দেখা যায়। পুলিশ আটকালে কেউ নিজেকে স্থানীয় বাসিন্দা বলে দাবি করেন, আবার কেউ স্কুল থেকে সন্তানকে আনতে যাওয়ার অজুহাত দেন। তবে কোনও অজুহাতই গ্রহণ না করে ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে তাঁদের বিরুদ্ধে জরিমানা করা হয়।

এ সময় কয়েকজন চালক পুলিশের নজর এড়াতে ইস্টার্ন বাইপাসের পকেট রোড ব্যবহার করে পালানোরও চেষ্টা করেন। ট্রাফিক পুলিশের দাবি, ধারাবাহিক সচেতনতামূলক প্রচার সত্ত্বেও এখনও অনেক চালক নিরাপত্তা বিধি উপেক্ষা করছেন, যা উদ্বেগের বিষয়। সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান জারি থাকবে বলে জানিয়েছেন তাঁরা।