আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দলীয় সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে রাজগঞ্জে নতুন অঞ্চল সভাপতি ও চেয়ারম্যানের নাম ঘোষণা করল জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেস।
রবিবার রাজগঞ্জ ব্লকের দলনেত্রী সরবাণী ধারার বাসভবনে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে এই দায়িত্ব প্রদান করা হয়। উপস্থিত ছিলেন রাজগঞ্জের বিধায়ক তথা জলপাইগুড়ি জেলা তৃণমূল চেয়ারম্যান খগেশ্বর রায়, ব্লক সভাপতি অরিন্দম ব্যানার্জী, ব্লক শিক্ষাশালের সভাপতি অর্চনা রায় বর্মন সহ একাধিক দলীয় নেতৃত্ব।
দলীয় সিদ্ধান্ত অনুযায়ী রকিবুল ইসলামকে নতুন অঞ্চল সভাপতি ও সন্তোষ রায়কে অঞ্চল চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে। নেতৃত্বের দাবি, সংগঠনের গতি ফেরাতে ও তৃণমূলের ভিত্তি আরও মজবুত করতেই এই সাংগঠনিক রদবদল।
উল্লেখ্য, গত ২১ ডিসেম্বর এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাক্তন অঞ্চল সভাপতি উত্তম রায়ের অকাল মৃত্যুতে এলাকায় দলীয় কার্যক্রমে কিছুটা ভাটা পড়ে।
সেই পরিস্থিতি কাটিয়ে সংগঠনকে চাঙ্গা করতেই নতুন নেতৃত্বের ওপর ভরসা রাখছে জেলা তৃণমূল নেতৃত্ব।
নতুন দায়িত্বপ্রাপ্ত নেতাদের শুভেচ্ছা জানিয়ে দলীয় কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার বার্তাও দেওয়া হয় সাংবাদিক বৈঠকে থেকে।
