মধ্যপ্রাচ্যে চলমান তীব্র উত্তেজনার মাঝে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি আলোচনার দাবিকে সরাসরি ‘ভুয়া খবর’ বলে প্রত্যাখ্যান করেছে ইরান। সম্প্রতি ট্রাম্প এক বিবৃতিতে দাবি করেছিলেন যে, ইরান যুদ্ধ বন্ধে একটি বড় ধরনের চুক্তিতে পৌঁছাতে আগ্রহী এবং এই লক্ষ্যে পর্দার আড়ালে আলোচনা চলছে। কিন্তু তেহরান এই দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে উড়িয়ে দিয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যে, ওয়াশিংটনের সাথে কোনো ধরনের আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক আলোচনা অনুষ্ঠিত হয়নি। বরং ট্রাম্প প্রশাসন বিশ্ববাসীকে বিভ্রান্ত করতে এবং তেলের বাজারে অস্থিরতা কমাতে এই ধরণের মিথ্যা তথ্য ছড়াচ্ছে বলে অভিযোগ করেছে ইরান।
এদিকে, এই পাল্টাপাল্টি বক্তব্যের মধ্যেই ইসরায়েল ও ইরানের মধ্যে সামরিক সংঘাত আরও ভয়াবহ রূপ নিয়েছে। ইসরায়েলি বিমানবাহিনী ইরানের কৌশলগত স্থাপনাগুলোতে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে, যার পাল্টা জবাব হিসেবে ইরানও ড্রোন ও মিসাইল নিক্ষেপ অব্যাহত রেখেছে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের দাবি ছিল, এই আলোচনার প্রেক্ষিতেই তিনি ইরানের জ্বালানি অবকাঠামোতে ৫ দিনের জন্য হামলা স্থগিত রাখার নির্দেশ দিয়েছিলেন। তবে ইরান স্পষ্ট করে দিয়েছে যে, যতক্ষণ না তাদের ভূখণ্ডে আগ্রাসন বন্ধ হচ্ছে এবং নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে, ততক্ষণ কোনো সমঝোতার প্রশ্নই আসে না। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্পের এই ‘পিস টক’ বা শান্তি আলোচনার প্রচার মূলত একটি কৌশলগত চাল, যাতে ইরানের ওপর আন্তর্জাতিক চাপ সৃষ্টি করা যায়। বর্তমানে দুই দেশের অনড় অবস্থানের কারণে মধ্যপ্রাচ্যে পূর্ণমাত্রার যুদ্ধের আশঙ্কা আরও ঘনীভূত হচ্ছে।
