ঝাড়খণ্ডের চাণ্ডিল স্টেশনের কাছে শনিবার ভোরে মুখোমুখি সংঘর্ষে জড়াল দুটি মালগাড়ি। সেরাইকেলা – খারসওয়ান জেলায় ঘটে যাওয়া এই দুর্ঘটনায় লাইনচ্যুত হয়েছে প্রায় ২০টি কামরা। তবে, কোনও হতাহতের খবর নেই।
রেল সূত্রে জানা গিয়েছে, লোহা বোঝাই একটি মালগাড়ি টাটানগর থেকে পুরুলিয়া যাচ্ছিল। ভোরে আদ্রা ডিভিশনের চাণ্ডিল স্টেশন পার হওয়ার পর সেটি লাইনচ্যুত হয়ে পাশের লাইনে পড়ে যায়। ঠিক সেই সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি মালগাড়ির সঙ্গে সংঘর্ষ হয়। ফলে দ্বিতীয় মালগাড়িরও কয়েকটি কামরা লাইনচ্যুত হয়।
দুর্ঘটনার জেরে দক্ষিণ-পূর্ব রেলের চাণ্ডিল–টাটানগর শাখার বহু ট্রেন বাতিল হয়েছে। এর মধ্যে রয়েছে পাটনা–টাটানগর বন্দে ভারত এক্সপ্রেস, টাটানগর–কাটিহার এক্সপ্রেস এবং কাটিহার–টাটানগর এক্সপ্রেস। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে রেল কর্তৃপক্ষ।
