পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর জখম হল তিন ছাত্রছাত্রী। আরও কয়েকজন পড়ুয়াও আহত হয়েছে বলে জানা গিয়েছে। সোমবার করনদীঘি থানার দোমোহনা সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে খবর, কান্তিরপা উচ্চ মাদ্রাসায় বার্ষিক পরীক্ষা ছিল। দুপুরে পরীক্ষা শেষ হলে মোট ৯ জন পড়ুয়া বাড়ি ফেরার জন্য একটি অটোতে ওঠে। অভিযোগ, দোমোহনা এলাকায় অটোটি হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে।
স্থানীয় বাসিন্দারা দ্রুত ছুটে এসে আহত পড়ুয়াদের উদ্ধার করে নিয়ে যান করনদীঘি গ্রামীণ হাসপাতালে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে।
গুরুতর আহতরা হলেন মহম্মদ সাহিদুল্লা, বাড়ি পূর্ব মাটিয়ানি, সাবুক্তা পারভিন, বাড়ি ডালখোলা থানার শিকারপুর গ্রাম, নেশা পারভিন, বাড়ি ডালখোলা থানার শিকারপুর গ্রাম।
পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় এলাকাজুড়ে নেমেছে উদ্বেগের ছায়া। পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনার কারণ খুঁজতে শুরু হয়েছে তদন্ত।
