প্রার্থী ঘোষণা ঘিরে মালবাজারে বিজেপি কার্যালয়ে ভা*ঙচুর, আ*গুনে পুড়ল দলীয় সামগ্রী

বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণার পরেই জলপাইগুড়ি জেলার মালবাজারে বিজেপির অন্দরে তীব্র ক্ষোভের বহিঃপ্রকাশ দেখা গেল। ২০-মাল এসটি বিধানসভা কেন্দ্রে প্রার্থী হিসেবে শুক্রা মুন্ডার নাম ঘোষণার পর সন্ধ্যা নামতেই মালবাজার শহরের গুরজং ঝোড়া মোড়ে অবস্থিত বিজেপির মাল টাউন কার্যালয়ে বিক্ষোভে ফেটে পড়েন দলীয় কর্মী-সমর্থকদের একাংশ।

স্থানীয় নেতৃত্বে প্রথমে বিক্ষোভ, পরে ভাঙচুর চালানো হয় কার্যালয়ে। টেবিল-চেয়ার সহ বিভিন্ন আসবাবপত্র ভেঙে ফেলা হয়। পাশাপাশি দলীয় ব্যানার ও নির্বাচনী লিফলেটে আগুন লাগিয়ে প্রতিবাদ জানানো হয়। বিক্ষোভকারীদের অভিযোগ, স্থানীয় প্রার্থীর পরিবর্তে অন্য কেন্দ্রের প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছে, যা তারা কোনোভাবেই মেনে নিতে পারছেন না।

অনিল ওরাও জানান, স্থানীয়দের উপেক্ষা করে বহিরাগত প্রার্থী চাপিয়ে দেওয়া হয়েছে। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান বিজেপির মাল টাউন মণ্ডল সভাপতি নবীন সাহা, মঙ্গল ওরাও-সহ অন্যান্য নেতৃত্ব। নবীন সাহা বলেন, প্রার্থী তালিকা ঘোষণার পরই এই ঘটনা ঘটেছে। বিষয়টি ঊর্ধ্বতন নেতৃত্বকে জানানো হচ্ছে।

অন্যদিকে, দলের পুরনো কর্মী মঙ্গল ওরাওয়ের দাবি, বহিরাগত প্রার্থীকে অনেকেই মেনে নিতে পারেননি, যার ফলেই এই বিক্ষোভ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মালবাজার মহকুমা পুলিশ আধিকারিকের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়। পাশাপাশি দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রার্থী ঘোষণাকে কেন্দ্র করে বিজেপির এই অভ্যন্তরীণ দ্বন্দ্ব আসন্ন নির্বাচনে দলের ওপর প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।