টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত কাঁচা বাড়িগুলির জন্য ত্রিপলের আবেদন করেও কোনও সুরাহা না মেলায় উত্তাল হয়ে উঠল বাঁকুড়ার সিমলাপাল ব্লকের বিক্রমপুর গ্রাম পঞ্চায়েত। অভিযোগ, বারবার লিখিত আবেদন জানিয়েও বহু পরিবার এখনও পর্যন্ত ত্রিপল পাননি। ক্ষোভে ফেটে পড়ে সোমবার বিকেলে পঞ্চায়েত অফিস ঘেরাও করেন স্থানীয় বাসিন্দারা।
জুনের মাঝামাঝি থেকে টানা বৃষ্টিতে বিক্রমপুর পঞ্চায়েত এলাকায় শতাধিক কাঁচা বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। কোথাও দেওয়াল ধসে পড়েছে, কোথাও ছাউনি উড়ে গিয়েছে। বহু পরিবার বাধ্য হয়ে আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েছেন। এই পরিস্থিতিতে ত্রিপলের জন্য পঞ্চায়েতে আবেদন করেন ক্ষতিগ্রস্তরা।
গ্রামবাসীদের অভিযোগ, ১৫ দিন কেটে গেলেও ত্রিপল মেলেনি। বরং পঞ্চায়েতের তরফে দুর্ব্যবহার ও অবহেলার শিকার হতে হয়েছে তাঁদের। তাঁদের কথায়, “ত্রাণ তো দূরের কথা, সামান্য ত্রিপলটুকুও দেওয়া হয়নি। অথচ বারবার আবেদন করেছি।”
পঞ্চায়েত প্রধান ফুলমণি সোরেন জানিয়েছেন, ১০০ জনেরও বেশি আবেদন জমা পড়লেও বিডিও অফিস থেকে মাত্র ২৫টি ত্রিপল পাঠানো হয়েছে। তাই সকলকে দেওয়া সম্ভব হয়নি। তিনি আশ্বাস দিয়েছেন, ফের সমীক্ষা করে প্রকৃত ক্ষতিগ্রস্তদের জন্য নতুন করে আবেদন জানানো হবে।
বিজেপি নেতা সৌভিক পাত্র কটাক্ষ করে বলেন, “খেলাধুলো ও উৎসবে কোটি কোটি টাকা খরচ হচ্ছে, অথচ সাধারণ মানুষ ত্রিপল পাচ্ছেন না—এটা লজ্জার।” তিনি পঞ্চায়েত প্রধানের পদত্যাগের দাবি জানিয়েছেন।
