রবিবার কমিশনের ফুল বেঞ্চ, এরপরই কি ঘোষণা হবে বিধানসভা ভোটের দিন?

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণাকে ঘিরে জল্পনা তুঙ্গে। কমিশন সূত্রে ইঙ্গিত, আগামী সোমবার বা মঙ্গলবারই বাংলার ভোটের নির্ঘণ্ট ঘোষণা হতে পারে। এর আগে রবিবার রাজ্যে আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ, যার নেতৃত্বে থাকবেন নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার।
সূত্রের খবর, কমিশনের এই সফরের পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। ফলে ৯ মার্চ বা ১০ মার্চের মধ্যেই ভোটের দিন ঘোষণা হওয়ার সম্ভাবনা প্রবল। শুধু পশ্চিমবঙ্গই নয়, একই সঙ্গে কেরল, তামিলনাড়ু, পুদুচেরি এবং অসমের নির্বাচনও ঘোষণা করা হতে পারে বলে জানা যাচ্ছে।
এদিকে রাজ্যে চলছে ভোটার তালিকা সংশোধনের বিশেষ প্রক্রিয়া (SIR)। এখনও লক্ষ লক্ষ মানুষের নাম ভোটার তালিকায় ‘বিচারাধীন’ অবস্থায় রয়েছে। কমিশন সূত্রে জানা গেছে, সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের প্রক্রিয়া শেষ হতে মার্চের প্রথম সপ্তাহ পার হয়ে যেতে পারে। তাই সম্পূর্ণ প্রক্রিয়া শেষ হওয়ার আগেই ভোট ঘোষণা করা সম্ভব হবে কি না, তা নিয়েও প্রশ্ন উঠছে।
উল্লেখ্য, বর্তমান বিধানসভার মেয়াদ শেষ হবে আগামী ৭ মে। সেই কারণে সংবিধান অনুযায়ী এপ্রিলের মধ্যেই ভোটগ্রহণ সম্পন্ন করতে হবে। ফলে এবার তুলনামূলক কম দফায় ভোট হওয়ার সম্ভাবনা রয়েছে। সূত্রের দাবি, তিন বা চার দফায় ভোট হতে পারে।
প্রসঙ্গত, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশিত হয়েছিল ২৬ ফেব্রুয়ারি। সে বার আট দফায় ভোটগ্রহণ হয়েছিল। ভোট শুরু হয় ২৭ মার্চ এবং শেষ হয় ২৯ এপ্রিল। ফল প্রকাশিত হয়েছিল ২ মে।
এই পরিস্থিতিতে রবিবার কমিশনের ফুল বেঞ্চের সফরের দিকে এখন নজর রাজ্যের রাজনৈতিক মহলের। কারণ, সেই সফরের পরই পরিষ্কার হয়ে যেতে পারে বাংলার ভোটের দিনক্ষণ।