নথি জালিয়াতির ঘটনায় ফের চাঞ্চল্য ছড়াল উত্তরবঙ্গে। কোচবিহার পৌরসভায় উদ্ধার হলো প্রায় ৭০টি জাল জন্মসনদ (Birth Certificate)। বিভিন্ন সময়ে ডিজিটাল জন্মসনদ তৈরির আবেদন করতে এসে ওই নথিগুলি ধরা পড়ে বলে পৌরসভার সূত্রে জানা গিয়েছে।
উল্লেখ্য, বর্তমানে আধার কার্ড, জন্মসনদ সহ বিভিন্ন সরকারি নথিপত্র এনআরসি, এসআইআর ইত্যাদি নানা প্রক্রিয়ায় অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আর ঠিক সেই সময়েই জাল জন্মসনদ ধরা পড়ায় উদ্বেগ বেড়েছে সাধারণ মানুষের মধ্যে।
পৌরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান জানিয়েছেন, দালাল চক্রের মাধ্যমেই এই জাল সনদ তৈরির কাজ চলছে বলে তাঁদের কাছে স্পষ্ট হয়েছে। এ ঘটনায় ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে প্রশাসন। তবে কীভাবে এত সংখ্যক জাল জন্মসনদ পৌরসভায় পৌঁছল ও এর নেপথ্যে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।
এই ঘটনা রীতিমতো উদ্বেগ ছড়িয়েছে শহর জুড়ে। কার্যত জাল নথি ব্যবহার করে নানা অসামাজিক ও বেআইনি কার্যকলাপের সম্ভাবনা থেকেই যায়।
