শিলিগুড়ির পর সতর্কতা: কোচবিহারে সোনার দোকানে নিরাপত্তা যাচাইয়ে পুলিশের অভিযান

শিলিগুড়ির সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতির ঘটনার প্রেক্ষিতে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে কোচবিহারের বিভিন্ন সোনার দোকানে অভিযান চালাল জেলা পুলিশ। সোমবার এই অভিযান চালানো হয় কোচবিহার শহরের একাধিক স্বর্ণালঙ্কারের দোকানে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শিলিগুড়ির হিলকার্ট রোডে গত রবিবার একটি নামী সোনার দোকানে ডাকাতির ঘটনায় বিপুল পরিমাণ সোনা ও হিরে লুট হয়। দোকানের পরিকাঠামো দুর্বল থাকার কারণে দুষ্কৃতীরা সহজেই ঢুকে পড়তে সক্ষম হয় বলে অনুমান। এই ঘটনার পুনরাবৃত্তি রুখতেই কোচবিহার জেলা পুলিশ এই উদ্যোগ নিয়েছে।

সোমবারের অভিযানে পুলিশ দোকানগুলির সিসিটিভি ক্যামেরা, প্রবেশ ও নির্গমনের পথ, অ্যালার্ম সিস্টেম, নিরাপত্তা রক্ষী উপস্থিতি ও অন্যান্য নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখে। পাশাপাশি দোকান কর্তৃপক্ষ ও কর্মীদের সতর্ক করা হয় ও কোনও অচেনা বা সন্দেহজনক ব্যক্তি দেখলেই পুলিশকে জানানোর নির্দেশ দেওয়া হয়।

এক সোনার দোকানের ম্যানেজার জানান, “পুলিশ দোকানে এসে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেছে। এমনকি কোনও অপ্রত্যাশিত পরিস্থিতিতে কীভাবে প্রতিক্রিয়া জানাতে হবে তাও নির্দেশ দিয়েছেন। তাঁরা বললেন, এরিয়ায় যদি সন্দেহভাজন কেউ ঘোরাফেরা করে, সঙ্গে সঙ্গে পুলিশকে জানাতে হবে।”

তিনি আরও বলেন, “পুলিশ প্রায়শই খোঁজ নিতে আসে, কিন্তু এবারের পরিদর্শন আরও বেশি সতর্কতামূলক ছিল।”

এই অভিযানের ফলে দোকান কর্মীদের মধ্যে সচেতনতা যেমন বেড়েছে, তেমনি শহরের সোনার ব্যবসায়ীদের নিরাপত্তা নিয়েও আশ্বাস তৈরি হয়েছে। জেলা পুলিশ জানিয়েছে, এই ধরনের অভিযান আগামীতেও চলবে, যাতে কোনও পরিস্থিতিতে দুষ্কৃতীরা সুযোগ না পায়।