নেওয়া হলো বড় সিদ্ধান্ত

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই এসএসসি নিয়ে বিতর্কের শেষ নেই।

নবম-দশম এবং একাদশ-দ্বাদশের শিক্ষক পদে নিয়োগের পরীক্ষার পর সম্প্রতি ফলপ্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। তবে তার পরও কাটছে না জট। একাদশ-দ্বাদশের নয়া নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশের পর পরীক্ষার প্রশ্ন ভুল ছিল বলে অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ চাকরিপ্রার্থীদের একাংশ। কমিশনও মেনে নিয়েছে প্রশ্নপত্রে ভুল ছিল।

ভুল স্বীকার করে কমিশন জানিয়েছে, বাংলা ও ভূগোল বিষয়ের প্রশ্নপত্রে ভুল ছিল। সোমবার এসএসসির তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। জানানো হয়েছে, ৭ নভেম্বর প্রকাশিত ‘অ্যানসার কি’তে বেশ কিছু ভুল রয়েছে। বাংলা বিষয়ে একটি প্রশ্নে, ভূগোলের ক্ষেত্রে দুটি প্রশ্নে ভুল থাকার কথা মেনেছে কমিশন।