এক বছর আগে ভূস্বর্গ কাশ্মীরের বুকে ঘটে যাওয়া এক মর্মান্তিক ঘটনায় তোলপাড় হয়েছে গোটা দেশে। ২২ এপ্রিল পাহেলগাঁও-তে ভয়াবহ সন্ত্রাসবাদী হামলার পর ভারত সিন্ধু জলচুক্তি স্থগিত করার সিদ্ধান্ত নেওয়ার পর থেকেই ভারত-পাকিস্তান সম্পর্কের নতুন একটি উত্তেজনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে জল।
এই পরিস্থিতিতে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির ফের সিন্ধু জলচুক্তি নিয়ে কড়া বার্তা দিয়েছেন। পাকিস্তান সেনাবাহিনীর ২৭৬তম কর্পস কমান্ডার্স কনফারেন্সে তিনি বলেন, আন্তর্জাতিক চুক্তি অনুযায়ী পাকিস্তানের প্রাপ্য জল নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে।
বৈঠকের পর পাকিস্তান সেনাবাহিনীর তরফেও বিবৃতি দিয়ে জানানো হয়, দেশের জল-অধিকার রক্ষায় সেনার শীর্ষ নেতৃত্ব প্রতিশ্রুতিবদ্ধ এবং সরকারের সঙ্গে সমন্বয় রেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। যদিও আন্তর্জাতিক কূটনৈতিক মহলের একাংশ মনে করছে, ভারতের কঠোর অবস্থানের মুখে ইসলামাবাদের এই মন্তব্য মূলত চাপ সৃষ্টির কৌশল। বলা হয়েছে, পাকিস্তানের প্রাপ্য জল আটকে দেওয়া বা অন্যদিকে প্রবাহিত করার যে কোনও উদ্যোগকে তারা যুদ্ধ ঘোষণার সমতুল্য বলেই মনে করে। ভারত তার অবস্থানে অনড় রয়েছে। কেন্দ্রের মতে, সীমান্ত পেরিয়ে সন্ত্রাসবাদে মদত চলতে থাকলে স্বাভাবিক দ্বিপাক্ষিক সম্পর্ক বজায় রাখা সম্ভব নয়।
