যত সময় এগিয়ে চলেছে ততই বদলে চলেছে যুগ, যুগের সাথে তাল মিলিয়ে বদলে চলেছে সমস্ত কিছু। দেশীয় প্রযুক্তিতে নির্মিত ভারতের প্রথম দূষণ নিয়ন্ত্রক জাহাজ ‘সমুদ্র প্রতাপ’ আনুষ্ঠানিকভাবে ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে। জাহাজটির উদ্বোধন করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
প্রতিরক্ষামন্ত্রী বলেন, জাহাজটির প্রায় ৬০ শতাংশ যন্ত্রাংশই দেশীয় প্রযুক্তিতে নির্মিত, যা ‘আত্মনির্ভর ভারত’ অভিযানের একটি বড় সাফল্য। তিনি জাহাজটিকে ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগের একটি বাস্তব রূপ বলে বর্ণনা করেন। তাঁর মতে, প্রতিরক্ষা ক্ষেত্রে দেশীয় উৎপাদন বৃদ্ধি পেলে ভারতের কৌশলগত স্বয়ংসম্পূর্ণতা, কর্মসংস্থান এবং প্রযুক্তিগত সক্ষমতা—সবদিকই শক্তিশালী হবে। ‘সমুদ্র প্রতাপ’-এর নকশা করা হয়েছে মূলত সমুদ্র দূষণ পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণের জন্য।
আধুনিক সেন্সর ও বিশেষায়িত প্রযুক্তির সাহায্যে জাহাজটি সমুদ্রের জলে মিশে থাকা তেল, রাসায়নিক পদার্থ এবং অন্যান্য ক্ষতিকর উপাদান শনাক্ত করতে সক্ষম। ভারতের উপকূলীয় জলসীমা এবং বিশেষ কিছু অঞ্চলে নিয়মিত নজরদারির কাজেও এটিকে নিয়োজিত করা হবে বলে জানিয়েছে উপকূলরক্ষী বাহিনী।
