আসন্ন দুর্গাপূজোকে কেন্দ্র করে জলপাইগুড়ি জেলা রাজগঞ্জের সমস্ত পুজো কমিটিগুলিকে নিয়ে প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হল। রাজগঞ্জ বিডিও অফিসের ঠাকুর পঞ্চানন বর্মা কনফারেন্স হলে এই বৈঠক হয়। সেখানে রাজগঞ্জের ব্লক প্রশাসন, পুলিশ, দমকল বিভাগ, বিদ্যুৎ দপ্তরসহ একাধিক সরকারি দপ্তরের আধিকারিক ও বিভিন্ন ক্লাবের প্রতিনিধিরা উপস্থিত ছিলো।
এই প্রসঙ্গে রাজগঞ্জের জয়েন্ট বিডিও সৌরভ মণ্ডল জানান, রাজগঞ্জের সমস্ত ক্লাবের প্রতিনিধিদের নিয়ে আসন্ন দুর্গাপুজো নিয়ে বৈঠক করা হয়েছে। রাজ্য সরকার ‘আসান’ নামে একটি অনলাইন পোর্টাল চালু করেছে, যার মাধ্যমে পুজোর পারমিশনের জন্য আবেদন করতে হবে।”
তিনি আরও বলেন, আগামী ১ সেপ্টেম্বর থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে ও তা চলবে ১০ সেপ্টেম্বর পর্যন্ত। গতবছর প্রায় ৮৭টি ক্লাব পুজোর অনুমতি পেয়েছিল। এ বছর নতুন কোনও ক্লাবকে অনুমতি দেওয়া হবে না। কেবলমাত্র যেসব ক্লাব গতবছর পারমিশন পেয়েছিল, তাদেরই আবেদন করতে বলা হয়েছে।
প্রশাসনের তরফে জানানো হয়েছে, দুর্গাপুজো যাতে নির্বিঘ্নে ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, সেজন্য সব দপ্তরের মধ্যে সমন্বয় রেখে বিশেষ নজরদারি চালানো হবে।
