বৃদ্ধি পেয়েছে ভর্তি পরিমান

দীর্ঘ পনেরো বছর বাদে রাজনীতি মঞ্চে এসেছে বদল, জোড়া ফুল-এর পরিবর্তে এসেছে পদ্ম ফুল। তৃণমূল সরকারকে সরিয়ে দুই তৃতীয়াংশ আসন নিয়ে ক্ষমতায় বিজেপি। রাজ্যে সরকার পরিবর্তনের পর থেকেই শিক্ষাক্ষেত্রে একাধিক সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।

বাজেটে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত ঘোষণা করেন, সরকারি ও সরকার সাহায্যপ্রাপ্ত কলেজে স্নাতক স্তরে ভর্তি হওয়া অবিবাহিত ছাত্রীদের এককালীন ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে। ২০২৬-২৭ শিক্ষাবর্ষের প্রথম দফার কলেজ ভর্তির পরিসংখ্যান প্রকাশ করে সন্তোষ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, গত বছরের তুলনায় আবেদনকারী এবং ভর্তি হওয়া পড়ুয়ার সংখ্যা উল্লেখযোগ্যহারে বৃদ্ধি হয়েছে।

মুখ্যমন্ত্রী জানান, “২০২৬–২৭ শিক্ষাবর্ষে কেন্দ্রীয় ভর্তি পোর্টালের মাধ্যমে প্রথম পর্যায়ে কলেজে ভর্তি হওয়া সকল ছাত্রছাত্রীকে আন্তরিক অভিনন্দন। আনন্দের সঙ্গে জানাচ্ছি, এ বছর প্রথম পর্যায়ে মোট ৩,০৮,৭৯৩ জন ছাত্রছাত্রীর ভর্তি সম্পন্ন হয়েছে, যা ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ২,৫৭,৪২৯ জনের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।”