সংকোশ নদীতে ম*রা মাছের স্তূপ, বি*ষক্রিয়ার আশঙ্কায় সতর্কতা জারি বনমন্ত্রীর

ভুটানে হিমবাহ হ্রদ ফেটে হু হু করে জল নামার পরই উত্তরবঙ্গের সংকোশ নদীতে দেখা দিল মাছের মড়ক। নদীর জলে ভেসে উঠছে বিপুল পরিমাণ মরা মাছ। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে আলিপুরদুয়ার ও কোচবিহার সীমান্তবর্তী এলাকায়।

বৃহস্পতিবার রাতে ভুটানে হিমবাহ হ্রদ ফেটে জল নেমে আসে নীচের এলাকায়। সেই জল নদীপথে সংকোশেও এসে মেশে। এরপর শুক্রবার রাত থেকে নদীতে একের পর এক মাছ মরে ভেসে উঠতে শুরু করে। নদীর চরেও ছড়িয়ে পড়ে প্রচুর মরা মাছ। স্থানীয়দের একাংশ সেই মাছ সংগ্রহ করেছেন বলেও খবর।

ঘটনাস্থল পরিদর্শন করেন রাজ্যের বনমন্ত্রী মনোজ ওরাঁও। তিনি স্পষ্ট জানিয়েছেন, কোনওভাবেই নদী থেকে ভেসে আসা মরা মাছ সংগ্রহ, বিক্রি বা খাওয়া যাবে না। তাঁর আশঙ্কা, ইতিমধ্যেই কয়েক টন মাছ বাজারে পৌঁছে গিয়েছে। এই মাছ মানুষের খাবারে পৌঁছলে বিপদ হতে পারে। মন্ত্রীর দাবি, মাছের মৃত্যু স্বাভাবিক নয়। নদীর জল কালো হয়ে যাওয়ার পরই এই ঘটনা ঘটে। ইতিমধ্যে নদী থেকে তোলা মরা মাছ পাড়ে মাটি চাপা দেওয়ার কাজ শুরু হয়েছে।