কেরালায় শিক্ষক সাসপেন্ডের প্রতিবাদে শিলিগুড়িতে অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসঙ্ঘের ডেপুটেশন

কেরালায় এক শিক্ষককে সাসপেন্ড করার প্রতিবাদে শিলিগুড়ি মহকুমা শাসকের দপ্তরে ডেপুটেশন দিল অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসঙ্ঘ। সংগঠনের অভিযোগ, বীর সাভারকরকে নিয়ে একটি প্রশ্ন করার জেরেই কেরালার এক শিক্ষককে সাসপেন্ড করা হয়েছে।

    সংগঠনের তরফে জানানো হয়, কেরালার এক উচ্চ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শ্রী গুরু প্রসাদ রাই একটি কুইজ প্রতিযোগিতায় ভারতের স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে প্রশ্ন করেছিলেন। সেই প্রশ্নে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রামে দীর্ঘতম শাস্তি কে পেয়েছিলেন, তা জানতে চাওয়া হয়েছিল। সংগঠনের দাবি, প্রশ্নটির উত্তর হিসেবে বীর সাভারকরের নাম উল্লেখ করা হয়েছিল। এরপরই ওই শিক্ষককে সাসপেন্ড করা হয় বলে অভিযোগ।

    সংগঠনের বক্তব্য, শুধুমাত্র বীর সাভারকরের নাম উল্লেখ করার কারণে একজন শিক্ষককে সাসপেন্ড করা অনুচিত। তাই তাঁর সাসপেনশন অবিলম্বে প্রত্যাহারের দাবিতে এদিন শিলিগুড়ি মহকুমা শাসকের দপ্তরে স্মারকলিপি জমা দেওয়া হয়।

    সংগঠনের প্রতিনিধিরা জানান, মহকুমা শাসকের মাধ্যমে তাঁদের দাবি কেরালা সরকার, কেরালার রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দেওয়ার আবেদন জানানো হয়েছে। দ্রুত ওই শিক্ষকের সাসপেনশন প্রত্যাহার না হলে বৃহত্তর আন্দোলনের পথে যাওয়ারও হুঁশিয়ারি দিয়েছে সংগঠন।