দামি মেকআপ ব্রাশ ক্ষয়ে যাচ্ছে? যত্নে রাখার ৫ সহজ উপায়

মেকআপের বাক্সে সাজানো দামি ব্রাশও কয়েক মাসের মধ্যে নষ্ট হয়ে যেতে পারে। কখনও ব্রাশের রোম শক্ত হয়ে যায়, কখনও বদলে যায় তার স্বাভাবিক আকৃতি, আবার কখনও ঝরে পড়তে থাকে একের পর এক রোম। এর জন্য সব সময়ে ব্রাশের গুণমানকে দায়ী করা যায় না। বরং ব্রাশ ব্যবহারের ধরন, পরিষ্কারের পদ্ধতি এবং সংরক্ষণের নিয়মের উপরেও নির্ভর করে তার স্থায়িত্ব।

ফাউন্ডেশন, কনসিলার, পাউডার কিংবা আইশ্যাডো ব্যবহারের পর ব্রাশে প্রসাধনীর অবশিষ্টাংশ জমে থাকে। দীর্ঘদিন সেগুলি পরিষ্কার না করলে ব্রাশের রোম শক্ত ও আঠালো হয়ে যেতে পারে। পাশাপাশি অপরিষ্কার ব্রাশে জীবাণু জমার আশঙ্কা থাকে, যা ত্বকের সমস্যাও ডেকে আনতে পারে। তাই ব্রাশের আয়ু বাড়াতে এবং ত্বকের পরিচ্ছন্নতা বজায় রাখতে কয়েকটি নিয়ম মেনে চলা জরুরি।

১. নিয়মিত পরিষ্কার করুন

প্রতিবার মেকআপ করার পর ব্রাশে প্রসাধনীর আস্তরণ জমতে পারে। বিশেষ করে ফাউন্ডেশন ও কনসিলারের মতো তরল বা ক্রিমজাতীয় প্রসাধনী ব্রাশের রোমে আটকে গিয়ে দ্রুত শুকিয়ে যায়। ফলে রোম শক্ত হয়ে যাওয়ার পাশাপাশি ব্রাশের কার্যকারিতাও কমতে পারে। তাই ব্যক্তিগত ব্যবহারের ব্রাশ নিয়মিত পরিষ্কার করা প্রয়োজন। তরল ও ক্রিমজাতীয় প্রসাধনী ব্যবহারের ব্রাশ তুলনামূলক বেশি ঘন ঘন ধোয়া উচিত।

২. ছোট পাউচে গুঁজে রাখবেন না

মেকআপ ব্রাশ সংরক্ষণের ক্ষেত্রেও সতর্ক থাকা দরকার। ছোট ব্যাগ বা পাউচে একসঙ্গে অনেকগুলি ব্রাশ গুঁজে রাখলে একটির সঙ্গে অন্যটির ঘষা লেগে রোমের ক্ষতি হতে পারে। এতে ব্রাশের স্বাভাবিক আকৃতি নষ্ট হওয়ার পাশাপাশি রোম আলগা হয়ে যাওয়ার আশঙ্কাও থাকে। তাই ব্রাশ রাখার জন্য এমন পাউচ বা বাক্স বেছে নিন, যেখানে প্রতিটি ব্রাশ পর্যাপ্ত জায়গা পায় এবং তার রোমগুলি চেপে বা বেঁকে না থাকে।

৩. পরিষ্কারের সময়ে জলে ডুবিয়ে রাখবেন না

ব্রাশ পরিষ্কারের সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল তার গোড়ার অংশটি শুকনো রাখা। ব্রাশের রোম যে ধাতব অংশের সঙ্গে যুক্ত থাকে, সেখানে আঠা ব্যবহার করা হয়। দীর্ঘক্ষণ জলে ভিজে থাকলে সেই আঠা দুর্বল হয়ে যেতে পারে। ফলে ধীরে ধীরে রোম ঝরে পড়তে পারে বা পুরো গোড়াটি আলগা হয়ে যেতে পারে। তাই ব্রাশ পরিষ্কার করার সময়ে রোমের অংশটি নীচের দিকে রেখে অল্প জলে ধুয়ে নিন। চেষ্টা করুন, যাতে জল ব্রাশের হাতল ও রোমের সংযোগস্থলে না ঢোকে।

৪. জোরে ঘষে বা নিঙড়ে পরিষ্কার করবেন না

ব্রাশের রোমে জমে থাকা ময়লা দ্রুত তুলতে গিয়ে অনেকেই হাতের তালুতে জোরে ঘষেন কিংবা নিঙড়ে জল বের করার চেষ্টা করেন। এই অভ্যাসে রোমের স্বাভাবিক বিন্যাস নষ্ট হতে পারে, এমনকি রোম ভেঙে যাওয়া বা ঝরে পড়ার ঝুঁকিও বাড়ে। পরিষ্কারের সময়ে বরং মৃদু ক্লিনজার ব্যবহার করে আলতো হাতে গোল করে ঘুরিয়ে রোমের মধ্যে জমে থাকা প্রসাধনীর অবশিষ্টাংশ তুলে ফেলুন। তার পর পরিষ্কার জলে ধুয়ে আঙুলের সাহায্যে ধীরে ধীরে রোমগুলিকে আগের আকৃতিতে ফিরিয়ে দিন।

৫. সম্পূর্ণ শুকিয়ে তবেই ব্যবহার করুন

ব্রাশ ধোয়ার পর তাড়াহুড়ো করে ভেজা অবস্থায় ফের ব্যবহার করা উচিত নয়। রোমের গোড়ায় আর্দ্রতা আটকে থাকলে জীবাণু বৃদ্ধির আশঙ্কা বাড়তে পারে। পাশাপাশি ঠিকমতো না শুকোলে ব্রাশের রোমের গঠনও ক্ষতিগ্রস্ত হতে পারে। পরিষ্কারের পর একটি পরিষ্কার তোয়ালের উপর ব্রাশ সমতল করে রাখুন। সম্ভব হলে রোমের অংশটি সামান্য বাইরের দিকে রেখে এমন ভাবে শুকোতে দিন, যাতে জল হাতলের সংযোগস্থলে জমে না থাকে। সম্পূর্ণ শুকিয়ে গেলে তবেই ব্রাশটি ব্যবহার করুন বা নির্দিষ্ট জায়গায় তুলে রাখুন।