কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তির অনলাইন পোর্টালের প্রথম দফার আবেদনের সময়সীমা বাড়াল রাজ্য সরকার। পূর্ব নির্ধারিত ১ জুলাইয়ের পরিবর্তে এখন ১৫ জুলাই পর্যন্ত আবেদন করা যাবে বলে জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। মঙ্গলবার সন্ধ্যেবেলায় নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এই ঘোষণা করেন তিনি।
শিক্ষামন্ত্রী জানান, “মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ছাত্রছাত্রীদের স্বার্থে এই সময়সীমা বাড়ানো হয়েছে।” পাশাপাশি তিনি এও জানান, ২ সপ্তাহ আগে চালু হওয়া পোর্টালে ৩ লক্ষ ২৫ হাজার ৩৪২ জন পড়ুয়া ইতিমধ্যে নাম নথিভুক্ত করেছেন এবং তাঁদের তরফ থেকে জমা পড়েছে মোট ১৮ লক্ষ ২৪ হাজার ৯১৪টি আবেদন। এদের মধ্যে ২ হাজার ৯০১ জন পড়ুয়া ভিন রাজ্যের।
উল্লেখ্য, এ বছর উচ্চশিক্ষা দপ্তরের অধীনে থাকা ১৭টি সরকার-পোষিত বিশ্ববিদ্যালয় ও ৪৬০টি সরকারি ও সরকার-পোষিত কলেজে কেন্দ্রীয় অনলাইন পোর্টালের মাধ্যমে ভর্তির প্রক্রিয়া চলছে। সময়সীমা বৃদ্ধির ফলে আরও বহু পড়ুয়া এই সুযোগের সদ্ব্যবহার করতে পারবেন বলে আশা করা হচ্ছে।
