এক অ্যাপেই মিলবে রেলের সমস্ত পরিষেবা! যাত্রীদের দীর্ঘদিনের দাবি মেনে এবার বড় পদক্ষেপ নিল ভারতীয় রেল। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে চালু হল ‘রেল ওয়ান’ (Rail One) নামে একটি নতুন মোবাইল অ্যাপ। অ্যাপটি উদ্বোধন করেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
রেলমন্ত্রী জানান, এতদিন যাত্রীদের টিকিট বুকিং, ট্রেনের অবস্থান জানা, খাবার অর্ডার, অভিযোগ জানানো ইত্যাদি নানা পরিষেবার জন্য একাধিক অ্যাপ এবং ওয়েবসাইট ব্যবহার করতে হত। এবার থেকে শুধুমাত্র ‘রেল ওয়ান’ অ্যাপেই মিলবে সব পরিষেবা—এক ছাতার তলায় রেলের সব রকম সুবিধা।
‘রেল ওয়ান’ অ্যাপে কী কী সুবিধা মিলবে?
সংরক্ষিত ও অসংরক্ষিত টিকিট বুকিং
প্ল্যাটফর্ম টিকিট কাটা
PNR স্ট্যাটাস চেক
ট্রেনের লাইভ লোকেশন দেখা
নির্দিষ্ট স্টেশনে নিজের কোচ কোথায় থাকবে, সেই তথ্য
ট্রেনযাত্রার সময় খাবার অর্ডার
বাতিল টিকিটের রিফান্ড সংক্রান্ত তথ্য
অভিযোগ ও মতামত জানানোর অপশন
ভারতীয় রেল সূত্রে জানা গেছে, এই অ্যাপটি তৈরি করেছে রেলের নিজস্ব তথ্যপ্রযুক্তি বিভাগ সেন্টার ফর রেলওয়ে ইনফরমেশন সিস্টেম (CRIS)। এটি অ্যান্ড্রয়েড ও iOS—দুই প্ল্যাটফর্মেই পাওয়া যাবে এবং সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করা যাবে গুগল প্লে স্টোর ও অ্যাপেল অ্যাপ স্টোর থেকে।
উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতীয় রেল ‘স্বরেল’ নামে একটি বিটা অ্যাপ চালু করেছিল। ‘রেল ওয়ান’ সেই অ্যাপেরই পরিপূর্ণ ও উন্নত সংস্করণ। রেলমন্ত্রকের দাবি, নতুন এই অ্যাপ যাত্রীদের অভিজ্ঞতাকে আরও সহজ, দ্রুত ও ঝঞ্ঝাটহীন করে তুলবে। এতে সময় ও পরিশ্রম দুটোই বাঁচবে, এবং প্রযুক্তির সাহায্যে যাত্রীসেবার মান বহুগুণে বৃদ্ধি পাবে বলে আশাবাদী রেল।
