রাজধানী দিল্লির স্কুলগুলোতে ফের বোমা হামলার হুমকি ইমেল ঘিরে চাঞ্চল্য ছড়াল। বুধবার সকালে দিল্লির সেন্ট থমাস স্কুল (দ্বারকা), বসন্ত ভ্যালি স্কুল, মাদার্স ইন্টারন্যাশনাল স্কুল, রিচমন্ড গ্লোবাল স্কুল সহ সর্দার প্যাটেল স্কুলে বোমা হামলার হুমকি দেওয়া হয় ইমেল মারফত।
খবর পেয়েই তৎপরতা দেখায় দিল্লি পুলিশ। সঙ্গে সঙ্গে স্কুলগুলি খালি করে চিরুনি তল্লাশি শুরু করে বোমা স্কোয়াড, ডগ স্কোয়াড ও সাইবার বিশেষজ্ঞদের একটি দল। তবে দীর্ঘ তল্লাশির পর কোনও সন্দেহজনক বস্তুর হদিস মেলেনি বলে জানিয়েছে পুলিশ।
এই নিয়ে গত তিন দিনে রাজধানীর অন্তত ১০টি স্কুলে বোমা হামলার হুমকি ইমেল এসেছে।
পুলিশ সূত্রে খবর, কে বা কারা এই হুমকি ইমেল পাঠাচ্ছে, তা জানতে সাইবার সেলের সহায়তায় তদন্ত শুরু হয়েছে। ইতিমধ্যেই একাধিক ইমেলের উৎস খতিয়ে দেখা হচ্ছে।
এই পরিস্থিতিতে দিল্লির বিভিন্ন স্কুলে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। তবে পুলিশের দাবি, অধিকাংশ ক্ষেত্রেই এসব হুমকি ভুয়ো বলে মনে হচ্ছে, তবু কোনও ঝুঁকি না নিয়ে প্রতিটি ঘটনাকেই গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।
