বাংলাদেশে ভেঙে ফেলা হল সত্যজিৎ রায়ের পূর্বপুরুষের ২০০ বছরের ঐতিহ্যবাহী বাড়ি, ভারতের পররাষ্ট্রমন্ত্রকের উদ্বেগ

বাংলাদেশের ময়মনসিংহে ভেঙে ফেলা হল কিংবদন্তি চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের পূর্বপুরুষদের ২০০ বছরের পুরনো ঐতিহ্যবাহী বসতবাড়ি। বাড়িটি এক সময় সত্যজিৎ রায়ের দাদু, বিশিষ্ট সাহিত্যিক ও শিশুসাহিত্য স্রষ্টা উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর মালিকানাধীন ছিল।

বাড়িটি ভেঙে ফেলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রক। মন্ত্রকের এক মুখপাত্র জানিয়েছে, “এটি অত্যন্ত দুঃখজনক যে ময়মনসিংহে সত্যজিৎ রায়ের পারিবারিক সম্পত্তি হিসেবে পরিচিত ঐতিহাসিক বাড়িটি ভেঙে ফেলা হয়েছে।”

এই ঘটনাকে ঘিরে আন্তর্জাতিক মহলেও প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বাংলা ও ভারতীয় সংস্কৃতির অন্যতম প্রতিনিধি উপেন্দ্রকিশোর ও তাঁর উত্তরসূরিদের স্মৃতিবিজড়িত এই বাড়ি দীর্ঘদিন ধরেই ঐতিহাসিক ও সাংস্কৃতিক গুরুত্ব বহন করছিল।

এর আগেও বাংলাদেশে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত কয়েকটি স্থাপনা ভাঙচুরের অভিযোগ উঠেছিল। একই ধরণের ঘটনাপ্রবাহ ফের উঠে আসায় উদ্বেগ বাড়ছে দুই বাংলার সংস্কৃতিপ্রেমীদের মধ্যে।

স্থানীয় প্রশাসন এখনও পর্যন্ত এ বিষয়ে কোনও মন্তব্য করেনি বলেই জানা গেছে। তবে মানবাধিকার ও সংস্কৃতির সংরক্ষণ নিয়ে কাজ করা একাধিক সংগঠন ইতিমধ্যেই এর বিরুদ্ধে সরব হয়েছে।