মুক্তির আগেই রেকর্ড! ১৭৫ কোটিতে বিক্রি শাহরুখের ‘কিং’-এর বিদেশি স্বত্ব

শাহরুখ খানের আগামী ছবি ‘কিং’ ঘিরে দর্শকদের উত্তেজনা ক্রমশ বাড়ছে। এবার ছবির বিদেশি স্বত্ব বিক্রির চুক্তি ঘিরে নতুন করে চর্চায় বাদশা। সূত্রের খবর, ছবির আন্তর্জাতিক থিয়েট্রিক্যাল ডিস্ট্রিবিউশন রাইটস বিক্রি হয়েছে ১৭৫ কোটি টাকায়। ভারতীয় সিনেমার ইতিহাসে বিদেশি স্বত্ব বিক্রির ক্ষেত্রে নজিরবিহীন এই চুক্তি।

জানা গিয়েছে, ‘ফারস ফিল্মস’ এই বিপুল অর্থের বিনিময়ে শাহরুখের প্রযোজনা সংস্থা ‘রেড চিলিজ এন্টারটেইনমেন্ট’-এর কাছ থেকে ছবির বিদেশি স্বত্ব কিনেছে। ভারতীয় মুদ্রায় ১৭৫ কোটি টাকা, যা প্রায় ১৮ মিলিয়ন ডলার।

এর আগে শাহরুখের ‘পাঠান’ ও ‘জওয়ান’-এর আন্তর্জাতিক ডিস্ট্রিবিউশনের দায়িত্বে ছিল যশ রাজ ফিল্মস। তবে ‘কিং’-এর ক্ষেত্রে সেই দায়িত্ব পেয়েছে ফারস ফিল্মস। এর আগে একাধিক ছবিতে যশ রাজ ফিল্মসের সঙ্গে কাজ করেছে সংস্থাটি। প্রভাস অভিনীত ‘সাহো’-র বিদেশি পরিবেশনার দায়িত্বও সামলেছিল তারা।

তবে শুধু স্বত্ব বিক্রির রেকর্ড নয়, আন্তর্জাতিক বক্স অফিসেও বড় লক্ষ্যের সামনে শাহরুখ। বাণিজ্য বিশ্লেষকদের মতে, বিদেশের বাজারে ৩৫০ থেকে ৩৭৫ কোটি টাকার ব্যবসা করতে হবে ‘কিং’কে। পাশাপাশি টপকাতে হবে ‘পাঠান’ ও ‘জওয়ান’-এর আন্তর্জাতিক আয়ের অঙ্কও।

বিদেশি বাজারে ‘ধুরন্ধর ২’ ও ‘আরআরআর’-এর বিপুল সাফল্যের পর প্রতিযোগিতাও কঠিন। ফলে ১৭৫ কোটি টাকার এই চুক্তি ‘কিং’-কে ঘিরে প্রত্যাশা আরও বাড়িয়ে দিল। এবার মুক্তির পর বক্স অফিসে শাহরুখ কতটা নজির গড়তে পারেন, সেটাই দেখার।