কাঠমান্ডুতে আন্তর্জাতিক সেমিনারে গিয়ে আটকে চার ভারতীয় পিএইচডি স্কলার

জলবায়ু পরিবর্তন ও তার প্রভাব নিয়ে আয়োজিত আন্তর্জাতিক কংগ্রেসে (CCIE ২০২৫) যোগ দিতে গিয়ে নেপালে আটকে পড়েছেন চারজন পিএইচডি স্কলার। এদের মধ্যে তিনজন পশ্চিমবঙ্গের ও একজন ত্রিপুরার বাসিন্দা।

আটকে পড়া গবেষকদের মধ্যে রয়েছেন আলিপুরদুয়ারের বারোবিশার মণিহার তালুকদার, কোচবিহারের দিনহাটার সৌভিক চক্রবর্তী, জলপাইগুড়ির ময়ুখ ভট্টাচার্য ও ত্রিপুরার আগরতলার স্বপ্নজিৎ চৌধুরী। তারা ৫ সেপ্টেম্বর কাঠমান্ডুর সেন্ট্রাল কলেজে শুরু হওয়া আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেন। ওই অনুষ্ঠান শেষ হয় ৮ সেপ্টেম্বর। পরদিন দেশে ফেরার কথা থাকলেও হঠাৎ অশান্তির জেরে কাঠমান্ডুর পশুপতিনাথ মন্দির সংলগ্ন একটি হোটেলে তারা আটকে পড়েন।

আটকে পড়া ছাত্রী মণিহার তালুকদার জানান, “আমরা খুব চিন্তায় আছি। হোটেলের বাইরে পরিস্থিতি একেবারেই অনিশ্চিত। নিরাপদে দেশে ফেরার অপেক্ষায় আছি।”

মণিহারের বাবা প্রসেঞ্জিত তালুকদার বলেন, “আমরা খুব উদ্বিগ্ন হয়ে পড়েছি। জেলা পুলিশ প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছি। তারা আমাদের সহযোগিতা করছে।”

বর্তমানে পরিবার ও প্রশাসন ঘনিষ্ঠ যোগাযোগ রেখে পরিস্থিতির ওপর নজর রাখছে।