সুখবর কতৃপক্ষের তরফে, বাড়ানো হলো পরিষেবার সময়সীমা

জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। বড় ঘোষণা মেট্রো রেলের। এবার থেকে রাত ১০.৩০টা পর্যন্ত চলবে মেট্রো। সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান গ্রিন লাইন ও কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর ব্লু লাইনে রাত সাড়ে দশটা পর্যন্ত চলবে মেট্রো।

মেট্রো রেল সূত্রে খবর, শুধু সময় বাড়ানোই নয়, যাত্রীদের বাড়তি চাহিদার কথা মাথায় রেখে বাড়ানো হচ্ছে ট্রেনের সংখ্যা। ব্লু লাইনে সোমবার থেকে শনিবার ১২টি অতিরিক্ত ট্রেন এবং রবিবার ৬টি অতিরিক্ত ট্রেন চালানো হবে। অন্যদিকে, গ্রিন লাইনে সোমবার থেকে শনিবার ৮টি অতিরিক্ত ট্রেন এবং রবিবার ৩টি অতিরিক্ত ট্রেন বাড়ানো হবে।

বর্তমানে ব্লু লাইনে সকাল ৬টা ৫০ মিনিট থেকে রাত ৯টা ৫০ মিনিট এবং গ্রিন লাইনে সকাল ৬টা ৩৯ মিনিট থেকে রাত ১০টা ৫ মিনিট পর্যন্ত পরিষেবা চালু রয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সোমবার থেকে শনিবার ব্লু ও গ্রিন—দুই লাইনেই সকাল ৬টা থেকে রাত ১০টা ৩০ মিনিট পর্যন্ত মেট্রো চলবে। রবিবার দুই লাইনেই পরিষেবা মিলবে সকাল ৯টা থেকে রাত ১০টা ৩০ মিনিট পর্যন্ত।