জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। রাজ্য সরকারের পালা বদলের পর মিড ডে মিল নিয়ে একের পর এক বিতর্ক দানা বেঁধেছে। সব বিতর্কের অবসানে এই প্রকল্পকে রাজ্যের সরকারি ও সরকার-পোষিত স্কুলগুলিতে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য ৮ দফা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর জারি করেছে স্কুল শিক্ষা দফতর।
নয়া নির্দেশিকায় প্রথমেই খাবার বিতরণের পরিকল্পনাকে গুরুত্ব দেওয়া হয়েছে। কোন কোন শিক্ষা প্রতিষ্ঠানে প্রথম পর্যায়ে খাবার সরবরাহ করা হবে, তার পূর্ণাঙ্গ তালিকা আগাম লিখিতভাবে প্রকাশ করতে হবে। এই দায়িত্ব পালন করবেন কলকাতা জেলার প্রাথমিক বিদ্যালয় শিক্ষা সংসদের চেয়ারম্যান এবং সংশ্লিষ্ট নোডাল অফিসার, যাতে প্রতিটি স্কুল আগে থেকেই প্রস্তুতি নিতে পারে। খাবার পৌঁছে দেওয়ার ক্ষেত্রেও সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে, সকাল শিফটের স্কুলে সকাল ৮টা ৩০ মিনিটের মধ্যে এবং ডে শিফটের স্কুলে দুপুর ১টা ৩০ মিনিটের মধ্যে খাবার দেওয়া হবে।
এই সময়সীমা মেনে প্রতিটি স্কুলে খাবার পৌঁছে দেওয়ার সম্পূর্ণ দায়িত্ব থাকবে অন্নামৃত ফাউন্ডেশনের। স্কুলের শিফট পরিবর্তনের ক্ষেত্রেও নতুন নিয়ম কার্যকর করা হয়েছে। কোনও স্কুলের শিফট একবার চিহ্নিত করা সম্পূর্ণ হলে, স্কুল কর্তৃপক্ষ সরাসরি সময় পরিবর্তনের দাবি করতে পারবে না। প্রয়োজন প্রশাসনিক অনুমোদনের দ্বারা পরিবর্তনের সুযোগ থাকবে।
