জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। দেশভাগের ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে শিয়ালদহ স্টেশন। ১৯৪৭-এর পর পূর্ব পাকিস্তান থেকে আসা অসংখ্য উদ্বাস্তু এই স্টেশন দিয়েই কলকাতায় পৌঁছেছিলেন।
সেই স্মৃতিকে এবার স্থায়ী রূপ দিতে উদ্যোগী হয়েছে কেন্দ্রীয় সরকার। শিয়ালদহ স্টেশন চত্বরে দেশভাগের সময় ঘরবাড়ি হারানো মানুষদের স্মরণে একটি বিশেষ স্মারক ভাস্কর্য তৈরি করা হবে। দেশজুড়ে স্বাধীনতা দিবসের আবহে এবারও পালিত হবে ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি।
কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত জানান, স্মারক তৈরির জন্য শিয়ালদহ স্টেশন প্রাঙ্গণে জায়গা নির্দিষ্ট করেছে ভারতীয় রেল। সংস্কৃতি মন্ত্রকের তত্ত্বাবধানে তৈরি হতে চলা এই কাজ আগামী নভেম্বরের মধ্যে শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। দেশভাগের স্মৃতি ধরে রাখার জন্য প্রতি বছর ১৪ অগাস্ট ‘দেশভাগ বিভীষিকা স্মৃতি দিবস’ পালন করা হয়।
