অবিরাম বৃষ্টি ও পরপর ধসে বিপর্যস্ত দার্জিলিং পাহাড়ের বিভিন্ন এলাকা। ভেঙে পড়েছে একাধিক রাস্তা, ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি, বিপর্যস্ত জনজীবন। এই পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত এলাকাগুলি ঘুরে দেখেন জিটিএ চিফ এক্সিকিউটিভ অনীত থাপা।
তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাদের দুরবস্থা শোনেন ও প্রশাসনিক আধিকারিকদের দ্রুত পুনর্গঠন ও ত্রাণ বিতরণের নির্দেশ দেন। অনীত থাপা জানান, “পাহাড়বাসীর পাশে সবসময় আছি। যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের সহায়তার ব্যবস্থা দ্রুত করা হবে।”
প্রশাসনের তরফে ইতিমধ্যেই ধসপ্রবণ এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। বিপর্যস্ত গ্রামগুলিতে ত্রাণ ও প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেওয়ার কাজ চলছে জোরকদমে।
