ভারতের শীর্ষস্থানীয় অন-ডিমান্ড কনভেনিয়েন্স প্ল্যাটফর্ম সুইগি আইআইটি খড়গপুরের ছাত্রী ঋষিকা মাহেশ্বরীকে “উইমেন লিডারস অফ টুমরো” সম্মানে ভূষিত করেছে। ঋষিকার নাম সারা দেশের ১৩ জন সফল তরুণীর তালিকায় এসেছে, যারা তাদের কাজের জন্য এবং বাস্তব জীবনের সমস্যা সমাধানের জন্য স্বীকৃত। তার মধ্যে উল্লেখযোগ্য চন্দ্রাভিযানের নেভিগেশনের জন্য এআই মডেল তৈরি থেকে শুরু করে সাশ্রয়ী স্বাস্থ্যসেবা বা গ্রামীণ কারিগরদের জন্য টেকসই জীবিকা তৈরির মতো একাধিক মডেল।
কলেজে শিক্ষার্থীদের ক্যান্টিনের চাহিদা বৃদ্ধি এবং ফুড ডেলিভারির অনিশ্চয়তার মতো একাধিক চ্যালেঞ্জকে চিহ্নিত করে, ঋষিকা নিয়ে এসেছেন RapidRasoi। এটি একটি ক্যাম্পাস-কেন্দ্রিক ফুড-টেক প্ল্যাটফর্ম যার লক্ষ্য ভারতের ঐতিহ্যবাহী কলেজ ক্যান্টিনগুলিকে ডিজিটাল করে তোলা। ক্যান্টিনে বিক্রেতাদের অনবোর্ড করা থেকে শুরু করে একটি অর্ডারিং প্ল্যাটফর্ম তৈরি করা এবং ক্যাম্পাসের হোস্টেল ও ক্লাসরুমের মধ্যে লাস্ট-মাইল লজিস্টিক পরিষেবা স্থাপন করা –এই ছিল ঋষিকার পরিকল্পনা। এর জন্য তিনি ২০ জনেরও বেশি ডেলিভারি রাইডারের একটি দল তৈরি করেছেন এবং প্রকল্পকে বাস্তবের রূপ দিয়েছেন।
২০২৬ সালের মার্চ মাসে আন্তর্জাতিক নারী দিবসের প্রাক্কালে সুইগি “উইমেন লিডারস অফ টুমরো” ক্যাম্পেইনটি শুরু করে এবং দেশজুড়ে ৮০০-রও বেশি আবেদন জমা পড়ে। নির্বাচিত নারী পথপ্রদর্শকদের পরিকল্পনা ও বাস্তবায়নের গল্পগুলি সুইগি অ্যাপে তুলে ধরা হয়েছে।
