জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। কলকাতা হাই কোর্টে বিচারপতির অভাব অনেকদিন ধরেই বড় সমস্যা হয়ে উঠেছিল। বিভিন্ন বেঞ্চে নিয়মিত বিচারক পাঠানোর পাশাপাশি মামলার চাপও বাড়ছিল। সেই পরিস্থিতিতে একসঙ্গে ৮ জন নতুন বিচারপতি নিয়োগের অনুমোদন দিয়েছে রাষ্ট্রপতি ভবন।
নতুন বিচারপতিরা শপথ নিলে আদালতে বিচারপতির সংখ্যা বাড়বে এবং শূন্যপদ কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে। কলকাতা হাই কোর্টে একসঙ্গে ৮ জন নতুন বিচারপতি নিয়োগের অনুমোদন মিলেছে। গত প্রায় দুই দশকে একসঙ্গে এতজন বিচারপতির নিয়োগের ঘটনা খুব একটা দেখা যায়নি। সুপ্রিম কোর্টের কলেজিয়ামবিচারপতি পদে নিয়োগের জন্য ৯ জন আইনজীবীর নাম কেন্দ্রের কাছে পাঠিয়েছিল। সেই তালিকার মধ্যে ৮ জনের নামেই শেষ পর্যন্ত অনুমোদন দিয়েছে রাষ্ট্রপতি ভবন।
সব কিছু ঠিক থাকলে আগামী মঙ্গলবার নতুন বিচারপতিরা শপথ নিতে পারেন বলে জানা গিয়েছে। এর ফলে কলকাতা হাই কোর্টে দীর্ঘদিনের বিচারপতি-সংকট কিছুটা হলেও কমবে বলে মনে করছেন আইনজীবীদের একাংশ।
