দুই বঙ্গে ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া দপ্তরের

আগামী দু’দিন তাপমাত্রা খুব একটা না বাড়লেও ভ্যাপসা গরম থাকবে রাজ্যে। আবহাওয়া দপ্তর  জানিয়েছে, দক্ষিণবঙ্গে আগামী ২৪ ঘণ্টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে।

রাজ্যের পশ্চিমাঞ্চলীয় জেলাগুলিতে তাপমাত্রা ৩৯-৪০ ডিগ্রির আশপাশে অবস্থান করবে। তবে বৃহস্পতিবার থেকে উত্তর ও দক্ষিণ বঙ্গের বিভিন্ন অঞ্চলে ঝড়বৃষ্টির সম্ভাবনা বাড়বে। বিশেষত উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইতে পারে।

উত্তরবঙ্গে মঙ্গলবার ও বুধবার তিন-চার জেলায় গরম এবং অস্বস্তি থাকবে। দার্জিলিঙের সমতল এলাকা, আলিপুরদুয়ার ও কোচবিহারে এই পরিস্থিতি বজায় থাকবে। তবে বৃহস্পতিবার থেকে সেখানে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

হাওয়া দপ্তর সূত্রে খবর, বর্তমানে পশ্চিমবঙ্গ সংলগ্ন ঝাড়খণ্ড ও ওড়িশায় একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। একই সঙ্গে উত্তর-পূর্ব এবং পূর্ব-মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় আরেকটি ঘূর্ণাবর্ত বিদ্যমান। প্রচুর পরিমাণে জলীয় বাষ্প রাজ্যে প্রবেশ করছে, যা ঝড়বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি করছে। ফলে সপ্তাহান্তে তাপমাত্রা কিছুটা নামতে পারে এবং ভ্যাপসা গরম থেকে কিছুটা মুক্তি মিলবে।