মুর্শিদাবাদের বহরমপুরের পর এবার আসানসোলের মুর্গাসোলে স্কুলগাড়ি দুর্ঘটনা। শুক্রবার জিটি রোডে মুর্গাসোল্ এলাকার এক গার্মেন্টস শোরুমের সামনে মিনিবাসের তাণ্ডব ও স্কুল পুলকার দুর্ঘটনা। সেই হাড়হিম করা সিসিটিভি ফুটেজ শনিবার সামনে আসতেই শিউরে উঠছেন এলাকাবাসী।
ফুটেজে দেখা যাচ্ছে, মুর্গাসোল এলাকায় রাস্তার ধার দিয়ে হেঁটে যাওয়ার সময় পেছন থেকে একটি বেপরোয়া মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে এক পথচারীকে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। তবে মিনিবাসের এই মরণঝাঁপ সেখানেই থামেনি। গতি এতোটাই তীব্র ছিল যে পথচারীকে পিষে দিয়ে বাসটি সামনে দাঁড়িয়ে থাকা কলকাতা গার্লস হাই স্কুলের ছাত্রী বোঝাই একটি মারুতি ওমনি পুলকারকে সজোরে ধাক্কা মারে। অভিঘাতে স্কুল ভ্যানটি দুমড়েমুচড়ে যায় ও প্রায় ২০ মিটার ঘষটে এগিয়ে যায়। পুলকারে থাকা সাত ছাত্রীর মধ্যে তিন স্কুলছাত্রী জখম হয়। স্থানীয়দের তৎপরতায় আসানসোল জেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর আহত ছাত্রীরা আশঙ্কামুক্ত। ঘাতক বাসটি আটকে তদন্তে আসানসোল দক্ষিণ থানার পুলিশ।
সিসিটিভি-তে ধরা পড়ল মিনিবাসের তাণ্ডব: পিষ্ট পথচারী, পেছন থেকে ধাক্কা পুলকারকে! অল্পের জন্য রক্ষা ছাত্রী বোঝাই স্কুলভ্যান
