হাতির গতিবিধি নজরে এআই প্রযুক্তি

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সহায়তায় সম্ভাব্য বড়সড় হাতি-মানুষ সংঘাত এড়াতে সক্ষম হয়েছে জলদাপাড়া জাতীয় উদ্যানের বনদপ্তর। গভীর রাতে এআই-সক্ষম নজরদারি ক্যামেরায় বনাঞ্চলের সীমানার কাছে একটি হাতির পালকে গ্রামের দিকে এগোতে দেখা গেলে সঙ্গে সঙ্গে সতর্কবার্তা পৌঁছে যায় জলদাপাড়া কন্ট্রোল রুমে।

কন্ট্রোল রুম থেকে দ্রুত বনকর্মীদের সতর্ক করা হলে মাত্র ১৫ মিনিটের মধ্যেই ‘দ্রুত প্রতিক্রিয়া দল’ (র‌্যাপিড রেসপন্স টিম) ঘটনাস্থলে পৌঁছে হাতির পালের গতিবিধি নিয়ন্ত্রণে আনে। ফলে সম্ভাব্য হাতি-মানুষ সংঘাত এড়ানো সম্ভব হয়। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, এটি কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। প্রায় প্রতিদিনই এআই-ভিত্তিক সতর্কবার্তার ভিত্তিতে বনকর্মীরা দ্রুত পদক্ষেপ নিয়ে বন্যপ্রাণী ও স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করছেন।

বর্তমানে জলদাপাড়া জাতীয় উদ্যানের আশপাশের একাধিক হাতির করিডরে এআই-ভিত্তিক নজরদারি ব্যবস্থা চালু রয়েছে। বনদপ্তরের মতে, আধুনিক প্রযুক্তি ও মাঠপর্যায়ের কর্মীদের সমন্বিত উদ্যোগ হাতি-মানুষ সংঘাত কমানোর পাশাপাশি বন্যপ্রাণ সংরক্ষণ ও জাতীয় উদ্যানের নিরাপত্তা আরও জোরদার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।