প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় আত্মসমর্পণ করলেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা

কলকাতা, ৬ সেপ্টেম্বর ২০২৫ : বহুল আলোচিত প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অবশেষে আত্মসমর্পণ করলেন পশ্চিমবঙ্গের কারা দপ্তরের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। শনিবার কলকাতার ব্যাঙ্কশাল আদালতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর বিশেষ আদালতে তিনি হাজিরা দেন।

ইডি-র পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে, তদন্ত চলাকালীন চন্দ্রনাথ সিনহা একাধিক সাক্ষীকে প্রভাবিত করার চেষ্টা করেছেন। সেই প্রেক্ষিতে তাঁকে সাত দিনের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়। তবে আদালত সেই আবেদন মঞ্জুর না করে আগামী শুক্রবারের মধ্যে মন্ত্রীর পক্ষ থেকে লিখিত জবাব জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। আদালত এদিন তাঁকে ১০,০০০ টাকার ব্যক্তিগত বন্ডে শর্তসাপেক্ষে জামিন দেয়।

আদালতের নির্দেশ অনুযায়ী, চন্দ্রনাথ সিনহা তাঁর নির্বাচনী এলাকা বোলপুরের বাইরে যেতে পারবেন না এবং মামলার কোনও সাক্ষীর সঙ্গে যোগাযোগ বা প্রভাবিত করার চেষ্টা করা যাবে না। তদন্ত চলাকালীন তাঁকে ইডি-র সঙ্গে পূর্ণ সহযোগিতা করতে হবে।

উল্লেখ্য, এই নিয়োগ দুর্নীতি মামলায় ইতিমধ্যেই একাধিক রাজনৈতিক নেতা ও প্রশাসনিক কর্মকর্তার নাম উঠে এসেছে। কুন্তল ঘোষের ডায়েরি থেকে উদ্ধার হওয়া তথ্যের ভিত্তিতে চন্দ্রনাথ সিনহার নাম উঠে আসে, যেখানে তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রায় দেড় কোটি টাকার লেনদেনের তথ্য পাওয়া যায়। রাজ্যপালের অনুমতি পাওয়ার পরই ইডি তাঁর বিরুদ্ধে চার্জশিট দাখিল করে এবং আদালত তাঁকে আত্মসমর্পণের নির্দেশ দেয়।