বিহারের রাজনীতিতে এক ঐতিহাসিক পরিবর্তনের সূচনা করে আজ মঙ্গলবার (১৪ এপ্রিল, ২০২৬) পদত্যাগ করতে যাচ্ছেন রাজ্যের দীর্ঘতম সময়ের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। পদত্যাগের চূড়ান্ত ধাপ হিসেবে রাজভবনে রাজ্যপাল সৈয়দ আতা হাসনাইনের সাথে সাক্ষাতের আগে তিনি তাঁর মন্ত্রিসভা বিলুপ্তির আনুষ্ঠানিক সুপারিশ করেছেন। আজ সকালে সচিবালয়ে নীতিশ কুমারের সভাপতিত্বে অনুষ্ঠিত শেষ মন্ত্রিসভা বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে তিনি তাঁর দীর্ঘদিনের সহকর্মীদের ধন্যবাদ জানান এবং সাংবিধানিক নিয়ম মেনে কাউন্সিল অফ মিনিস্টার্স ভেঙে দেওয়ার বিষয়ে অবহিত করেন। বৈঠক শেষে নীতিশ কুমার সরাসরি তাঁর সরকারি বাসভবন ‘১ আনি মার্গে’ ফিরে যান এবং সেখান থেকেই বিকেলে রাজভবনে গিয়ে পদত্যাগপত্র জমা দেওয়ার কথা রয়েছে। সংশ্লিষ্ট সূত্রমতে, রাজ্য রাজনীতি থেকে বিদায় নিয়ে তিনি এবার রাজ্যসভার সদস্য হিসেবে জাতীয় রাজনীতিতে মনোনিবেশ করতে পারেন।
নীতিশ কুমারের এই পদত্যাগের সাথে সাথেই বিহারে জনতা দল (ইউনাইটেড)-এর দীর্ঘ আধিপত্যের অবসান ঘটতে যাচ্ছে। এর পরিবর্তে বিহার পেতে যাচ্ছে তার ইতিহাসের প্রথম ভারতীয় জনতা পার্টি (বিজেপি) মনোনীত মুখ্যমন্ত্রী। কেন্দ্রীয় পর্যবেক্ষক শিবরাজ সিং চৌহানের উপস্থিতিতে আজ বিকেল ৩টায় বিজেপি বিধায়ক দলের বৈঠক অনুষ্ঠিত হবে, যেখানে পরবর্তী নেতার নাম ঘোষণা করা হতে পারে। আগামীকাল ১৫ এপ্রিল লোক ভবনে নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপস্থিত থাকতে পারেন বলে জানা গেছে। গত কয়েকদিন ধরেই নীতিশ কুমারের বাসভবন থেকে আসবাবপত্র স্থানান্তরের দৃশ্য রাজনৈতিক মহলে তাঁর বিদায়ের গুঞ্জন ছড়িয়েছিল, যা আজ মন্ত্রিসভা বিলুপ্তির সুপারিশের মাধ্যমে বাস্তবে রূপ নিল। দীর্ঘ দুই দশকের ‘সুশাসন’ ও ‘উন্নয়নের’ প্রতিশ্রুতি দিয়ে বিহার শাসন করা নীতিশ কুমার এখন থেকে নতুন সরকারকে ‘মার্গ দর্শন’ বা পথপ্রদর্শক হিসেবে সাহায্য করবেন বলে জানিয়েছেন তাঁর ঘনিষ্ঠ রাজনৈতিক সতীর্থরা।
