২০২৫-২৬ শিক্ষাবর্ষে সায়েন্স অলিম্পিয়াড ফাউন্ডেশন (SOF)-এর পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করলো উত্তর ২৪ পরগনার ছাত্রছাত্রীরা। এই পরীক্ষায় ৭২টি দেশের প্রায় লক্ষ লক্ষ পড়ুয়ার পাশাপাশি উত্তর ২৪ পরগনার ২৯ হাজারেরও বেশি ছাত্রছাত্রী অংশগ্রহণ করে তাদের এই অসামান্য সাফল্য ছিনিয়ে আনে।
আন্তর্জাতিক কম্পিউটার সায়েন্স অলিম্পিয়াড (ICSO)-এ আন্তর্জাতিক স্তরে প্রথম স্থান অধিকার করে স্বর্ণপদক জিতেছে এ বি এন গ্লোবাল অ্যাকাডেমি-র চতুর্থ শ্রেণির আশনা আরমিন এবং মহঃ মীনহাজ উদ্দিন মোল্লা। এছাড়া, স্বপ্নপূরণ শিক্ষা নিকেতন -এর অষ্টম শ্রেণির আরকাম মহম্মদ মল্লিক এবং জিনান আখতার লামিয়া আন্তর্জাতিক জেনারেল নলেজ অলিম্পিয়াড (IGKO)-এ আন্তর্জাতিক স্তরে তৃতীয় স্থান অর্জন করে ব্রোঞ্জ পদক জিতেছে। এই সাফল্যের জন্য তাদের ‘Certificate of Outstanding Performance’ এবং ‘Certificate of Distinction’ প্রদান করা হবে।
এবিষয়ে সায়েন্স অলিম্পিয়াড ফাউন্ডেশন -এর প্রতিষ্ঠাতা ও ডিরেক্টর মহাবীর সিং বলেন, এই ফাউন্ডেশন মূলত, বিভিন্ন আন্তর্জাতিক অলিম্পিয়াড পরীক্ষার মাধ্যমে ছাত্রছাত্রীদের ধারণাগত জ্ঞান, বিশ্লেষণী দক্ষতা এবং সমস্যা সমাধানের ক্ষমতা যাচাইয়ের আন্তর্জাতিক মঞ্চ প্রদান করে।এই সাফল্য ছাত্রছাত্রীদের নিষ্ঠা, অধ্যবসায় এবং বিদ্যালয়গুলির শক্তিশালী শিক্ষাব্যবস্থার প্রতিফলন।
