ভারতের শীর্ষস্থানীয় পেমেন্ট এবং আর্থিক পরিষেবা বিতরণকারী সংস্থা পেটিএম (ওয়ান ৯৭ কমিউনিকেশনস লিমিটেড), মার্চ ২০২৬-এ শেষ হওয়া কোয়ার্টার এবং বছরের আর্থিক ফলাফল ঘোষণা করেছে। সংস্থাটি ২০২৬ অর্থবর্ষে তাদের প্রথম পূর্ণ-বর্ষের মুনাফা অর্জনের কথা জানিয়েছে। গ্রাহক এবং মার্চেন্ট পেমেন্ট উভয় ক্ষেত্রেই ধারাবাহিকভাবে বাজারের অংশীদারিত্ব বৃদ্ধি এবং এআই-চালিত ব্যয় সাশ্রয়ের ফলে সংস্থাটির রাজস্ব বার্ষিক ২২% বৃদ্ধি পেয়ে ৮,৪৩৭ কোটি টাকায় পৌঁছেছে; যার মধ্যে ইবিআইটিডিএ ৫০২ কোটি টাকা এবং নিট মুনাফা বা প্রফিট আফটার ট্যাক্স ৫৫২ কোটি টাকা।
এই কোয়ার্টারে অপারেটিং রাজস্ব দাঁড়িয়েছে ২,২৬৪ কোটি টাকায়, যা রিপোর্টেড ভিত্তিতে বার্ষিক ১৮% এবং তুলনামূলক ভিত্তিতে বার্ষিক ২৬% বৃদ্ধি পেয়েছে। এই সময়ে ইবিআইটিডিএ ছিল ১৩২ কোটি টাকা। মার্চেন্ট ও কনজিউমার পেমেন্টে বাজারের অংশীদারিত্ব বৃদ্ধি এবং আর্থিক পরিষেবা বিতরণের প্রসারের ফলে এই কোয়ার্টারে রাজস্বের গতিও বজায় ছিল। মার্চেন্ট জিএমভি বার্ষিক ২৭% বৃদ্ধি পেয়ে ৬.৫ লক্ষ কোটি টাকায় পৌঁছেছে, যেখানে সাবস্ক্রিপশন মার্চেন্টের সংখ্যা ১.৫১ কোটিতে পৌঁছেছে (বছরে ২৭ লক্ষ নতুন সংযোজন)।
আর্থিক পরিষেবা বিতরণ থেকে প্রাপ্ত রাজস্ব বার্ষিক ৩৮% বৃদ্ধি পেয়ে ৭৫০ কোটি টাকায় দাঁড়িয়েছে, যা মূলত মার্চেন্ট লোন, কনজিউমার লোন এবং ওয়েলথ প্রোডাক্টের বৃদ্ধির কারণে সম্ভব হয়েছে। পেটিএম জানিয়েছে যে, মার্চেন্ট লোন বা ব্যবসায়িক ঋণ বিতরণের ক্ষেত্রে তাদের শক্তিশালী প্রবৃদ্ধি অব্যাহত রয়েছে। সংস্থাটি কনজিউমার পেমেন্ট বা গ্রাহক পেমেন্ট ক্ষেত্রেও তাদের নেতৃত্ব আরও শক্তিশালী করেছে।
