বাজারদর নিয়ন্ত্রণে নাগেরবাজারে পুলিশের অভিযান

খাদ্যদ্রব্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বমুখী দাম নিয়ন্ত্রণে বুধবার সকাল থেকে নাগেরবাজার এলাকার বিভিন্ন বাজারে নজরদারি চালাল পুলিশ। কালোবাজারি ও বেআইনি মজুতদারি রুখে সাধারণ মানুষের ওপর আর্থিক চাপ কমাতেই এই উদ্যোগ নিয়েছে প্রশাসন।

এদিন নাগেরবাজার থানা এলাকার একাধিক খুচরো ও পাইকারি বাজারে আচমকা পরিদর্শনে যান পুলিশ আধিকারিকরা। তাঁরা আলু, পেঁয়াজ, বিভিন্ন সবজি, মাছ ও মাংসের বাজারদর খতিয়ে দেখেন। পাশাপাশি, সরকার নির্ধারিত বা ন্যায্য দামে পণ্য বিক্রি হচ্ছে কি না, তা নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন। কৃত্রিমভাবে পণ্যের ঘাটতি তৈরি করে দাম বাড়ানো হচ্ছে কি না এবং গুদামে বেআইনিভাবে খাদ্যপণ্য মজুত করা হয়েছে কি না, তা খতিয়ে দেখতে বিভিন্ন গুদামেও তল্লাশি চালানো হয়।

পুলিশের পক্ষ থেকে ব্যবসায়ীদের সতর্ক করে জানানো হয়েছে, অতিরিক্ত দামে পণ্য বিক্রি, কালোবাজারি বা বেআইনি মজুতের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।