আলুর বস্তার আড়ালে ১৯ টি মহিষ উদ্ধার

নাকা চেকিংয়ের সময় খড়িবাড়ী থানার পুলিশের বড়সড় সাফল্য। আলু বহনের আড়ালে বেআইনিভাবে গরু-মহিষ পাচারের ছক বানচাল করল পুলিশ। মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে খড়িবাড়ী থানার অন্তর্গত চেকারমারি এলাকায় একটি সন্দেহভাজন দশ চাকার ট্রাক (নম্বর WB 73 U 0863) আটক করে তল্লাশি চালাতেই উন্মোচিত হয় এই পাচার চক্র।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গভীর রাতে চেকারমারি নাকা পয়েন্টে রুটিন চেকিং চালাচ্ছিল খড়িবাড়ী থানার একটি বিশেষ টিম। সেই সময় ওই ট্রাকটিকে থামার জন্য সংকেত দেওয়া হলে চালক গাড়ি থামিয়ে অন্ধকারের সুযোগ নিয়ে চম্পট দেয়। চালক পালিয়ে যাওয়ায় পুলিশের সন্দেহ আরও বাড়ে। এর পর ট্রাাকে উঠে তল্লাশি শুরু করেন আধিকারিকরা।

ট্রাকের ওপরের অংশে সার সার আলুর বস্তা সাজানো ছিল। কিন্তু সেই আলুর বস্তা সরিয়ে নিচে নজর পড়তেই চোখ কপালে ওঠে তদন্তকারীদের। দেখা যায়, বস্তার নিচে অত্যন্ত নির্মম ও গাদাগাদি অবস্থায় লুকিয়ে রাখা হয়েছে ১৯টি তাজা মহিষ। উদ্ধার হওয়া মহিষগুলি পাচারের উদ্দেশ্যে বেআইনিভাবে নিয়ে যাওয়া হচ্ছিল বলে প্রাথমিক অনুমান পুলিশের।

ঘটনায় ব্যবহৃত ট্রাকটি বাজেয়াপ্ত করা হয়েছে এবং উদ্ধার হওয়া মহিষগুলিকে নিরাপদ স্থানে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। খড়িবাড়ী থানায় নির্দিষ্ট ধারায় একটি লিখিত মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। ট্রাকটির মালিক এবং পলাতক চালকের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে।