জলমগ্ন রাস্তায় ধানের চারা, অভিনব প্রতিবাদ গ্রামবাসীদের

বর্ষা এলেই হাঁটুসমান জলে ডুবে যায় গ্রামের রাস্তা। জল-কাদায় নিত্যদিনের যাতায়াত দুর্বিষহ হয়ে উঠলেও দীর্ঘ তিন বছর ধরে রাস্তা সংস্কারে প্রশাসনের কোনও উদ্যোগ নেই বলে অভিযোগ গ্রামবাসীদের।

ঘটনাটি হরিশ্চন্দ্রপুর-২ ব্লকের সুলতাননগর গ্রাম পঞ্চায়েতের ডারল গ্রামের। রাস্তার বেহাল দশার প্রতিবাদে শনিবার অভিনব কর্মসূচিতে শামিল হন স্থানীয় বাসিন্দারা। জমা জলে জাল ফেলে মাছ ধরার পাশাপাশি রাস্তার মধ্যেই ধানের চারা রোপণ করে ক্ষোভ প্রকাশ করেন তাঁরা। গ্রামবাসীদের অভিযোগ, রাস্তার পাশে নিকাশি নালা না থাকায় বৃষ্টির জল বের হতে পারে না। ফলে দীর্ঘদিন জল জমে থাকায় মশা-মাছির উপদ্রব বাড়ছে। নোংরা জল ঢুকে পড়ছে বাড়িতেও।

স্থানীয়দের দাবি, এই রাস্তা দিয়েই স্কুল, অঙ্গনওয়াড়ি কেন্দ্রসহ বিভিন্ন জায়গায় যাতায়াত করতে হয়। জলমগ্ন রাস্তার কারণে শিশু, পড়ুয়া, অসুস্থ ও প্রসূতিদের চরম সমস্যায় পড়তে হচ্ছে। বাইক ও টোটো চলাচলেও রয়েছে দুর্ঘটনার আশঙ্কা। গ্রামবাসীদের আরও অভিযোগ, রাস্তার দুরবস্থার কারণে আত্মীয়স্বজনও গ্রামে আসতে চান না। এমনকী, রাস্তার অবস্থা দেখে ছেলেমেয়েদের বিয়ের সম্বন্ধ পর্যন্ত ভেঙে যাচ্ছে বলে দাবি তাঁদের।

স্থানীয় নেতা, পঞ্চায়েত ও ব্লক প্রশাসনকে একাধিকবার জানিয়েও সমস্যার সমাধান হয়নি বলে অভিযোগ। দ্রুত রাস্তা সংস্কার এবং স্থায়ী নিকাশি ব্যবস্থা তৈরির দাবি জানিয়েছেন গ্রামবাসীরা।