আইটি পরিষেবা, পরামর্শ ও ব্যবসায়িক সমাধানের ক্ষেত্রে বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় সংস্থা টাটা কনসালটেন্সি সার্ভিসেস (টিসিএস) এবং কর্ণাটক সরকারের ইলেকট্রনিক্স, আইটি ও বিটি বিভাগ যৌথভাবে ২৭তম ‘টিসিএস রুরাল আইটি ক্যুইজ’-এর জন্য নাম রেজিস্ট্রেশন শুরু করার কথা ঘোষণা করেছে।
বেঙ্গালুরু টেক সামিট ২০২৬-এর একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে আয়োজিত এই ক্যুইজটি অনলাইন পরীক্ষা, ভার্চুয়াল রাউন্ড এবং অফলাইন প্রতিযোগিতার সমন্বয়ে হবে। ভারতের ছোট শহর ও জেলাস্তরের স্কুলগুলিতে অষ্টম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা এতে অংশ নিতে পারবে। তবে মিউনিসিপ্যাল কর্পোরেশন বা বড় শহরের সীমানার ভেতরের স্কুলগুলোর শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে না।
গ্রামীণ শিক্ষার্থীদের জন্য ভারতের প্রথম আইটি ক্যুইজ হিসেবে লিমকা বুক অব রেকর্ডসে স্থান পাওয়া এই প্রতিযোগিতার মূল লক্ষ্য হলো তরুণ শিক্ষার্থীদের মধ্যে প্রযুক্তি ও উদ্ভাবন বিষয়ে সচেতনতা গড়ে তোলা। ক্যুইজে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), ক্লাউড কম্পিউটিং এবং নতুন প্রযুক্তির পাশাপাশি ব্যাংকিং, শিক্ষা, বিনোদন, রোবোটিক্স, খেলাধুলা, গেমিং ও সোশ্যাল মিডিয়ার মতো ক্ষেত্রে তথপ্রযুক্তির প্রভাব সম্পর্কিত নানা প্রশ্ন থাকবে।
পুরো প্রতিযোগিতায় আটটি রিজিওনাল ফাইনাল প্রতিযোগিতা হবে। সেখানে বিজয়ীরা ২০২৬ সালের নভেম্বরে বেঙ্গালুরুতে অনুষ্ঠিত জাতীয় ফাইনালে অংশগ্রহণের সুযোগ পাবে। প্রতিটি অঞ্চলের বিজয়ী ও রানার্স-আপ যথাক্রমে ১০,০০০ টাকা এবং ৭,০০০ টাকার উপহার ভাউচার পাবে। এছাড়া জাতীয় পর্যায়ের বিজয়ী ও রানার্স-আপ অতিরিক্ত হিসেবে যথাক্রমে ১,০০,০০০ টাকা এবং ৫০,০০০ টাকার টিসিএস শিক্ষাবৃত্তি লাভ করবে। আগ্রহী শিক্ষার্থীরা ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বরের মধ্যে https://iur.ls/TCSRIT/Quiz2026 লিঙ্কে গিয়ে নাম নথিভুক্ত করতে পারবে।
উল্লেখ্য, আগের এডিশনে ভারতের ২৮টি রাজ্য ও দুটি কেন্দ্রশাসিত অঞ্চল থেকে ৫.৬২ লক্ষেরও বেশি শিক্ষার্থী অংশ নেয়।
২০০০ সাল থেকে কর্ণাটক সরকারের সংশ্লিষ্ট বিভাগের সহযোগিতায় টিসিএস এই ক্যুইজের আয়োজন করে আসছে। প্রযুক্তি বিশ্বের নিত্যনতুন পরিবর্তনের সঙ্গে দেশের ছোট শহর ও মফস্বলের শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দিতে এবং তাদের মধ্যে প্রযুক্তিগত সচেতনতা বাড়াতে এই উদ্যোগ এখন পর্যন্ত ২ কোটি ২৪ লক্ষেরও বেশি শিক্ষার্থীর কাছে পৌঁছেছে।
