তোর্সার ভা*ঙনে দিশেহারা শোলাডাঙ্গা — তুফানগঞ্জে বাড়িঘর নদীগর্ভে

তোর্সা নদীর ভয়াবহ ভাঙনে বিপর্যস্ত তুফানগঞ্জ এক ব্লকের বলরামপুর এক গ্রাম পঞ্চায়েতের শোলাডাঙ্গা এলাকা। প্রবল বৃষ্টির জেরে নদীতে জলের চাপ বাড়তেই নতুন করে সক্রিয় হয়েছে ভাঙন। ইতিমধ্যে বহু বাড়িঘর, ফসলি জমি নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। ফলে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয়রা।

বাসিন্দাদের অভিযোগ, গত কয়েক বছরে টানা ভাঙনের জেরে তিনটি গ্রাম পুরোপুরি নদী গর্ভে তলিয়ে গেছে। হাজার হাজার বিঘা জমি হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন বহু পরিবার। কেউ কেউ ঘর হারিয়ে রাস্তায় আশ্রয় নিয়েছে, আবার কেউ জীবিকার সন্ধানে ভিন রাজ্যে পাড়ি দিয়েছে।

স্থানীয়দের একটাই দাবি — “আমাদের বাঁধ চাই, না হলে গোটা বলরামপুরই নদীতে মিলিয়ে যাবে।”

ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছেন মহকুমা শাসক, সমষ্টি উন্নয়ন আধিকারিক ও সেচ দপ্তরের আধিকারিকরা। পাশাপাশি তৃণমূল কংগ্রেসের জেলা নেতৃত্বও উপস্থিত ছিলেন। প্রাক্তন বিধায়ক রবীন্দ্রনাথ ঘোষ, এনবিএসটিসি -র চেয়ারম্যান পার্থ প্রতিম রায়, জেলা পরিষদের সদস্য শৈলেন বর্মা, পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি রাজেশ তন্ত্রী সহ স্থানীয় নেতারা ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে।

বলরামপুর এক গ্রাম পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দুর্গতদের মধ্যে চাল, ডাল ও শুকনো খাবার বিলি করা হয়েছে। তবুও আতঙ্ক কাটছে না গ্রামবাসীর মনে।

রাতের পর রাত নদীর গর্জন শুনে কাঁপছে শোলাডাঙ্গা — “আজ নয়তো কাল ঘরও ভেসে যাবে,” বলছেন এক গৃহহারা বৃদ্ধা।