দুদিনের ছুটিতে ঘুরতে যাওয়া মানেই বাঙালিদের মনে আগেই আসে দিঘার নাম। চিরকালই দিঘার সমুদ্র সৈকত টানে আপামর বাঙালিকে। এবার ভ্ৰমণ প্রেমীদের জন্য বড় সুখবর। পর্যটকের সংখ্যা বাড়ার ফলে, দিঘায় ট্রেন নিয়ে সিদ্ধান্ত নিল রেল।
যাত্রীদের স্বাচ্ছন্দের কথা মাথায় রেখে দক্ষিণ-পূর্ব রেলের তরফে বেশ কয়েকটি স্পেশাল ট্রেন নির্দিষ্ট সময়ের জন্য দেওয়া হয়েছিল। যাত্রী ভিড়ের ফলে এই স্পেশাল ট্রেনের মেয়াদ আরও বাড়ানোর সিদ্ধান্ত নিল রেল দফতর। এই বিষয়ে, পাঁশকুড়া হলদিয়া দিঘা সাউথ ইস্টার্ন রেলওয়ে প্যাসেঞ্জার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তরফ থেকে দাবি করা হয়েছে, এ ভাবে মেয়াদ না বাড়িয়ে ট্রেনগুলি স্থায়ী ভাবে চালানো হোক।
০৮১১৭ এবং ০৮১১৮ পাঁশকুড়া-দিঘা, পাঁশকুড়া স্পেশাল লোকাল ২৪ জুলাই পর্যন্ত, অর্থাৎ আরও ১৩ দিন চলবে। এই বিষয়ে পাঁশকুড়া হলদিয়া দিঘা সাউথ ইস্টার্ন রেলওয়ে প্যাসেঞ্জার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক সরোজকুমার ঘড়া জানান, দিঘাগামী স্পেশাল ট্রেনগুলিকে স্থায়ী ভাবে চালানোর জন্য তাঁদের সংগঠনের পক্ষ থেকে আবেদন জানানো হয়েছে।
