ওয়ার্কআউটের সঙ্গে গান মেলাতে স্পটিফাই নিয়ে এলো ‘রানিং মোড’

দৌড়ের অভিজ্ঞতাকে আরও আকর্ষণীয় করে তুলতে ভারতে ‘রানিং মোড’ চালু করল জনপ্রিয় মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্ম স্পটিফাই। ২৩ নভেম্বর থেকে আইওএস ও অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য প্রিমিয়াম স্ট্যান্ডার্ড ও প্ল্যাটিনাম গ্রাহকদের মধ্যে এই পরিষেবা চালু হচ্ছে। এর মাধ্যমে ইউজারের পছন্দ, দৌড়ের গতি ও শরীরচর্চার লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে গান নির্বাচন করবে স্পটিফাই।

এই পরিষেবায় ইউজাররা ইন্টারভ্যাল, স্টেডি, পিরামিড-সহ বিভিন্ন ধরনের ওয়ার্কআউট বেছে নিতে পারবেন। পাশাপাশি নির্দিষ্ট সময়সীমা, পছন্দের গানের ধরন এবং দৌড়ের গতির সঙ্গে তাল মিলিয়ে গান নির্বাচন করার সুবিধাও থাকছে। গানগুলির বিট দৌড়ের গতির সঙ্গে সামঞ্জস্য রেখে সাজানো হবে, ফলে বারবার প্লেলিস্ট খোঁজার প্রয়োজন হবে না।

ইউজারদের উৎসাহ দিতে ইংরেজিতে অডিও নির্দেশনা বা মোটিভেশনাল বার্তার ব্যবস্থাও রাখা হয়েছে। স্পটিফাই অ্যাপের ফিটনেস হাব অথবা ‘রানিং মোড’ লিখে সার্চ করলেই এই পরিষেবা পাওয়া যাবে।

স্পটিফাই ইন্ডিয়ার মার্কেটিং প্রধান শিপ্রা শ্রীবাস্তব জানিয়েছেন, ভারতে দৌড় ও ফিটনেসের জনপ্রিয়তা দ্রুত বাড়ছে। তাঁর কথায়, গত এক বছরে স্পটিফাইয়ে দৌড়সংক্রান্ত সার্চ বেড়েছে ৫৬ শতাংশ এবং রানিং প্লেলিস্ট শোনা শ্রোতার সংখ্যা বেড়েছে ৬৭ শতাংশ।

গত জুলাইয়ে চালু হওয়া এই পরিষেবা ইতিমধ্যেই বিশ্বজুড়ে লক্ষ লক্ষ শ্রোতার কাছে জনপ্রিয় হয়েছে। ভারত-সহ আরও ১১টি নতুন দেশে পরিষেবাটি সম্প্রসারণের মাধ্যমে বিশ্বজুড়ে এর পরিধি বাড়াচ্ছে স্পটিফাই।