কড়া নির্দেশ কমিশনের তরফে

দোরগোড়ায় প্রায় চলে এসেই গেছে নির্বাচন, এখন পরিস্থিতি তুঙ্গে। নির্বাচনী প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও নির্ভুল করতে প্রযুক্তির ব্যবহার নিয়ে বহুদিন ধরেই আলোচনা চলছে। ভোটগ্রহণের সময় যাতে কোনও রকম অনিয়ম বা কারচুপি না ঘটে, তা নিশ্চিত করতেই এবার প্রিসাইডিং অফিসারদের দায়িত্ব সম্পর্কে বার্তা দেওয়া হয়েছে।

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের তরফে এই তথ্য প্রকাশ্যে আনা হয়েছে। বলা হয়েছে, প্রতিটি বুথের প্রিসাইডিং অফিসারদের কিছু নির্দিষ্ট বিষয় খুঁটিয়ে পরীক্ষা করে নিশ্চিত করতে‌ হবে। ইভিএমে থাকা সমস্ত প্রার্থীর বোতাম যেন পরিষ্কারভাবে দেখা যায় এবং কোনওভাবেই তা টেপ, আঠা বা অন্য কোনও উপকরণ দিয়ে ঢাকা না থাকে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।

কমিশন স্পষ্ট করে জানিয়েছে যে, এই ঘটনাগুলি ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)-এর সঙ্গে কারচুপি বা হস্তক্ষেপ হিসেবে গণ্য হতে পারে, যা সরাসরি নির্বাচনী অপরাধের আওতায় পড়ে। এমন কোনও অভিযোগ প্রমাণিত হলে নির্বাচন কমিশন প্রয়োজনে পুনর্ভোটের নির্দেশ দিতে পারে এবং পাশাপাশি সংশ্লিষ্টদের বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থাও গ্রহণ করা হবে।