মধ্যপ্রদেশের ধারের বিতর্কিত ভোজশালা মন্দির/কামাল মৌলা মসজিদ কমপ্লেক্সে শুক্রবার বসন্ত পঞ্চমীর পূজা এবং জুমার নামাজ একসঙ্গে করার অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্ট।
রাজ্য সরকার আদালতকে জানিয়েছে, দুই সম্প্রদায়ের জন্য আলাদা প্রবেশ ও বেরোনোর ব্যবস্থা থাকবে এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে কড়া ব্যবস্থা নেওয়া হবে। প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চ নির্দেশ দিয়েছে, দুপুর ১টা থেকে ৩টার মধ্যে নামাজের জন্য একই চত্বরে আলাদা জায়গা নির্দিষ্ট থাকবে। সেই সঙ্গে মুসল্লিদের জন্য থাকবে আলাদা রাস্তা (প্রবেশ ও প্রস্থান পথ)। একই সময়ে হিন্দুদের বসন্ত পঞ্চমীর পূজার জন্যও আলাদা স্থান রাখা হবে, যাতে পূজা নির্বিঘ্নে চলতে পারে।
এই নির্দেশ এসেছে ‘হিন্দু ফ্রন্ট ফর জাস্টিস’-এর করা আবেদনের ভিত্তিতে। তারা বসন্ত পঞ্চমীতে সারাদিন পূজার অনুমতি চেয়েছিল। যেহেতু এ বছর বসন্ত পঞ্চমী শুক্রবার পড়েছে, তাই নামাজের সময়ও নির্দিষ্ট ছিল।
এছাড়াও সুপ্রিম কোর্ট মধ্যপ্রদেশ হাইকোর্টকে নির্দেশ দিয়েছে, ASI-এর করা বৈজ্ঞানিক সমীক্ষার রিপোর্টের কপি দুই পক্ষকে দিতে হবে। ভিড় নিয়ন্ত্রণ ও নিরাপত্তার জন্য জেলা প্রশাসন প্রয়োজন হলে পাস দিতে পারবে বলেও জানানো হয়েছে। আদালত দুই পক্ষকেই শান্তি বজায় রাখতে এবং পারস্পরিক সম্মান দেখাতে অনুরোধ করেছে।
