ফের আগুনে আতঙ্ক শহরে। রবিবার গভীর রাতে, আনুমানিক ১ টা নাগাদ, দাউদাউ করে জ্বলে ওঠে দক্ষিণ কলকাতার অন্যতম বাণিজ্যকেন্দ্র খিদিরপুর বাজার। মুহূর্তে ছড়িয়ে পড়ে আগুন, আর তার লেলিহান শিখায় পুড়ে ছাই হয়ে যায় প্রায় ১৩০০ দোকান।
২২টি দমকলের ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনতে রাতভর আপ্রাণ চেষ্টা চালায়। অগ্নিকাণ্ডের খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ও দমকলমন্ত্রী সুজিত বসু। তবে ঘটনাস্থলে পৌঁছেই মন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় ব্যবসায়ীরা। অভিযোগ, ঘটনার প্রায় এক ঘণ্টা পর এসে পৌঁছায় দমকল।
চোখের সামনে ব্যবসা ভস্মীভূত হয়ে যেতে দেখে অনেকেই কান্নায় ভেঙে পড়েন। অনুমান, বাজারে দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। বহু দোকানের ভিতরে থাকা গ্যাস সিলিন্ডার ও প্লাস্টিকজাত দ্রব্য পরিস্থিতি আরও জটিল করে তোলে।
দমকলমন্ত্রী সুজিত বসু বলেন, “ফায়ার পকেট চিহ্নিত করে আগুন নেভানোর কাজ করচ্ছে। কুলিং ডাউনও শুরু হয়েছে।” তবে ক্ষতির পরিমাণ এখনও নির্দিষ্টভাবে জানা যায়নি।
স্থানীয়দের দাবি, বাজারে প্রায় ১৩০০ দোকানে ক্ষতিগ্রস্ত হয়েছে।
